নতুন বই আনতে গিয়ে আঙুল হারাল দুই শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিন ছিল গতকাল শনিবার। নতুন বছরে নতুন বই হাতে নিয়ে স্বপ্নে মাতার কথা ছিল শিশু আতিকুর (৮) ও কাওছারের (১২)। কিন্তু একটি দুর্ঘটনায় তাদের সে স্বপ্ন ভেঙে গেছে। বিদ্যালয়ে বই আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় আতিকুরের হাতের তিনটি ও কাওছারের একটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ওরা। আতিকুর এবার দ্বিতীয় আর কাওছার পঞ্চম শ্রেণীতে উঠেছে। বিদ্যালয় থেকে এক কিলোমিটার দূরের গ্রাম পাঁচশিশায় তাদের বাড়ি। তাদের দুজনের বাবাই কৃষিশ্রমিক। শিশু দুটির পারিবারিক সূত্র জানায়, নতুন বই পাওয়ার আনন্দে কাক ডাকা ভোরেই বিদ্যালয়ে যেতে উদগ্রীব হয়ে ওঠে তারা। কুয়াশার মধ্যেই রওনা হয় তারা। বিদ্যালয়টি দূরে হওয়ায় আতিকুর, কাওছার ছাড়াও প্রায় ১০ থেকে ১৫ জন ছাত্র একটি মাটি বহনকারী লরিতে উঠে পড়ে। প্রায় আধা কিলোমিটার যাওয়ার পরেই লরিটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাছের সঙ্গে চাপা লেগে ওই দুই ছাত্রের চারটি আঙুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক সোমা বলেন, ‘শিশু দুটির কচি হাত হওয়ায় চাপা লেগে আঙুলগুলো ছিঁড়ে গেছে। এ বয়সে বাচ্চা দুটির এ পরিণতি দুঃখজনক।’হাসপাতালে গিয়ে দেখা গেছে, বিছানায় শুয়ে হাতে ব্যান্ডেজ নিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে ছোট্ট শিশু আতিকুর। তার মা হাসনা বেগম পাশে বসে কাঁদছেন। এদিকে কাওছারের বাবা বলেন, ‘বাচ্চারা লরিতে উঠলেও চালক এতটুকু সাবধান হয়নি। দুর্ঘটনার পরও লরিটি থামানোর প্রয়োজন মনে করেনি সে। এখন ছেলে দুটির এ ক্ষতি পূরণ হবে কী করে!’ তিনি কান্না জড়িত কণ্ঠে আরও বলেন, ‘পুলিশ লরির চালককে এখনো গ্রেফতার করতে পারেনি।’ যোগাযোগ করা হলে গুরুদাসপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল হক মুঠোফোনে জানান, বিষয়টি তিনি জানেন না। থানায় কেউ অভিযোগও দেয়নি।