নতুন বই আসছে কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মৃতিপটে গ‌ুণীজন সন্‌জীদা খাতুন, প্রাণের পত্রাবলি, বেকার দিনের প্রেম আসিফ নজরুল, একটি সন্তানসম্ভবা পাখির গল্প নির্মলেন্দু গ‌ুণ
স্মৃতিপটে গ‌ুণীজন সন্‌জীদা খাতুন, প্রাণের পত্রাবলি, বেকার দিনের প্রেম আসিফ নজরুল, একটি সন্তানসম্ভবা পাখির গল্প নির্মলেন্দু গ‌ুণ
  • পাঠকের চাহিদা নতুন বই।
  • বড় প্রকাশনাগুলোর বেশ কয়েকজন প্রকাশক এখন কলকাতায়।
  • ফলে ঢাকার মেলা তাঁদের মনোযোগ তেমন পায়নি।

প্রকাশকেরা যেন খানিকটা গড়িমসি করছেন। সবে তো মেলার শুরু। আরও কয়েকটা দিন যাক, তারপর আনা হবে নতুন বই—এমনই মনোভাব তাঁদের। গত চার দিনে মেলার অবস্থা দেখে মনে হলো বাজার যাচাই করেছেন প্রকাশকেরা। মানসম্মত নতুন বই আসছে কম। কিন্তু পাঠকের চাহিদা নতুন বই। তাঁরা যাচাই-বাছাই করেছেন। খোঁজ নিচ্ছেন নতুন বইয়ের।
এদিকে বাংলা একাডেমির মহাপরিচালকসহ বড় প্রকাশনাগুলোর বেশ কয়েকজন প্রকাশক এখন কলকাতায়, সেখানকার বইমেলায় বাংলাদেশ দিবস ছিল গত শনিবার। ফলে ঢাকার মেলা তাঁদের মনোযোগ তেমন পায়নি।
রোববার ছিমছাম ছিল মেলার পরিবেশ। যাচাই-বাছাই করে যাঁরা বই কিনতে চান, তাঁদের জন্য মেলার পরিবেশ এখন চমৎকার। যাঁরা বই কেনার পরিকল্পনা করে এসেছিলেন তাঁরা বেশ স্বস্তির সঙ্গেই কেনাকাটা করেছেন। আর যাঁরা বেড়াতে এসেছিলেন তাঁরাও বেশ স্বচ্ছন্দে ঘুরেফিরে, গান শুনে সন্ধ্যা কাটিয়ে গেছেন। নতুন বইয়ের যেমন একটা আলাদা গন্ধ আছে, তেমনি বইমেলারও যেন একটা অন্য রকম টান আছে। এই টানেই অনেকে চলে আসেন মেলা প্রাঙ্গণে।
অবসর প্রকাশনীর প্যাভিলিয়নে বসেছিলেন এর প্রকাশক আলমগীর রহমান। পাশেই হুইলচেয়ার। বললেন, ‘শরীর ভালো যাচ্ছে না। তবু মেলায় না এসে পারি না।’ এবারের মেলার বিন্যাসকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। ছিমছাম, প্যাভিলিয়নগুলো কাছাকাছি জায়গায়। তাঁর মতে, যেসব পাঠক প্রকাশকভিত্তিক বই খোঁজেন, তাঁদের জন্য ভালোই হয়েছে। কাছাকাছি জায়গায় পছন্দ অনুযায়ী সব প্রকাশক পেয়ে যাচ্ছেন।
পাশের প্যাভিলিয়ন থেকে তাঁকে দেখে এগিয়ে এলেন পাশে অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক। কেমন যাচ্ছে? প্রশ্ন শেষ হতে না হতেই জবাব দিলেন, ‘এখন বেচাকেনা নিয়ে ভাবছি না। যাক না আর কয়েকটা দিন!’
অবশ্য আর কয়েকটা দিনের জন্য অপেক্ষা করছেন না অগ্রসর পাঠকেরা। পছন্দের বই তাঁরা খুঁজছেন স্টলগুলোতে। প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নের সামনে দেখা গেল একঝাঁক তরুণ খুঁজছেন আসিফ নজরুলের উপন্যাস বেকার দিনের প্রেম। বই কিনে ছবি তুলতেও তাঁরা ব্যতিব্যস্ত। এতে বোঝাই যাচ্ছিল, নতুন বই মেলায় আনতে খুব দেরি করা ঠিক হবে না।
গতকাল তিন বছর পর মেলায় এসেছে নির্মলেন্দু গুণের নতুন কবিতার বই একটি সন্তানসম্ভবা পাখির গল্প। নবযুগ প্রকাশ থেকে এসেছে সন্‌জীদা খাতুনের স্মৃতিগ্রন্থ স্মৃতিপটে গুণীজন। জার্নিম্যান বুকস এনেছে তারিক সুজাত ও পিয়াস মজিদ সম্পাদিত বেলাল চৌধুরীকে লেখা দুই বাংলার কবি-লেখকদের পত্রগুচ্ছ প্রাণের পত্রাবলি।
আজ সোমবার মেলার পঞ্চম দিন। মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।