নতুন বই নিয়ে বাড়ি ফিরল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলপড়ুয়া শিশুদের জন্য গতকাল ছিল স্বপ্নের মতো একটি দিন। নতুন বছরে নতুন ক্লাসে ওঠার আনন্দ, সঙ্গে নতুন বই পাওয়ার উচ্ছ্বাস। নতুন পাঠ্যবই নিয়ে শিশুদের বাড়ি ফেরার এই দৃশ্য চট্টগ্রাম শহরের ট্রেনিং ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয় থেকে গতকাল সকালে তোলা ।  প্রথম আলো
স্কুলপড়ুয়া শিশুদের জন্য গতকাল ছিল স্বপ্নের মতো একটি দিন। নতুন বছরে নতুন ক্লাসে ওঠার আনন্দ, সঙ্গে নতুন বই পাওয়ার উচ্ছ্বাস। নতুন পাঠ্যবই নিয়ে শিশুদের বাড়ি ফেরার এই দৃশ্য চট্টগ্রাম শহরের ট্রেনিং ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয় থেকে গতকাল সকালে তোলা । প্রথম আলো

বিরোধী দলের চলমান অবরোধ কর্মসূচির মধ্যেই গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় থেকে নতুন পাঠ্যপুস্তক নিয়ে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা। নতুন বই হাতে শিক্ষার্থীদের এই বাড়ি ফেরার দৃশ্য দেখা গেছে দেশজুড়ে। নতুন শিক্ষাবর্ষের প্রথম কর্মদিবসে গতকাল ‘পাঠ্যপুস্তক উৎসব’ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
কেন্দ্রীয়ভাবে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল চত্বরে অনুষ্ঠান করে কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ছাড়াও বিসিএসআইআর উচ্চবিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কামরুননেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও হাফেজ আবদুর রাজ্জাক দাখিল মাদ্রাসার কয়েক হাজার ছাত্রছাত্রী অংশ নেয়। তারা নেচে-গেয়ে, নতুন বই নেড়ে, আনন্দ-উল্ল্লাস করে, প্ল্য্লাকার্ড-ফেস্টুন নেড়ে, বেলুন উড়িয়ে অনুষ্ঠানকে উৎসবের রূপ দেয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে সরকার ২০১০ থেকে ২০১৪ সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে ১৬ কোটি শিক্ষার্থীর মধ্যে বছরের প্রথম কর্মদিবসে ১২১ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ১৭২টি পাঠ্যপুস্তক বিনা মূল্যে পৌঁছে দিয়ে অনন্য রেকর্ড করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান শফিকুর রহমান প্রমুখ।
রাজধানীর বাইরে খুলনা, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, শেরপুর, চট্টগ্রামের মিরসরাই, জয়পুরহাটের আক্কেলপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রামের উলিপুর, নাটোরের লালপুর, রাজশাহীর বাগমারা, নীলফামারীর সৈয়দপুর, গাজীপুরের টঙ্গী, সিরাজগঞ্জের রায়গঞ্জে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার খবর পাঠিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, জেলা ও উপজেলা প্রতিনিধিরা।
এদিকে রাজধানীর কোনো কোনো এবং বিভিন্ন স্থানের কোনো কোনো বিদ্যালয় বিভিন্ন কারণে গতকাল বই দিতে পারেনি বলে প্রথম আলোর কাছে অভিযোগ করেছের একাধিক অভিভাবক।
এবার প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ের তিন কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৬৭২ জন ছাত্রছাত্রীর মধ্যে ২৬৮টি বিষয়ের মোট ২৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৯৩৮ কপি বই বিনা মূল্যে বিতরণের জন্য ছাপা হয়েছে। গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বিনা মূল্যের বই বিতরণের উদ্বোধন করেছিলেন।