নতুন বই নিয়ে শিশুরা ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিচ্ছে: অর্থমন্ত্রী

নতুন বই নেওয়ার মাধ্যমে শিশুরা তাদের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব নিচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, নতুন বছরের প্রথম দিনেই বই তুলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, জ্ঞান আহরণ করতে হবে, শিক্ষা-দীক্ষা করতে হবে, মানুষ হয়ে গড়ে উঠতে হবে।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘এর উদ্দেশ্য যদি সফল হয়, তবে সেটাই আজকের দিনে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
মন্ত্রী বলেন, ‘আজকের দিনে আমার খুব আনন্দ, তোমাদের হাতে এই বইগুলো যাবে, তোমরা অত্যন্ত খুশি হবে, নতুন বইয়ের গন্ধ শুঁকবে এবং সেখানে তোমাদের নাম লিখে রাখবে। তারপর যখন তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে, তখন বইটিকে বিসর্জন করে দেবে। সেখানেও আনন্দ আছে, আমি আমার দায়িত্ব পালন করেছি, বইটা পড়েছি, জ্ঞান আহরণ করেছি, শিক্ষিত হয়েছি।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আসিফ-উজ-জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন।
বই বিতরণ অনুষ্ঠান শেষে শিশুদের নাচ-গান এবং সিসিমপুরের হালুম-ইকরিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।