নতুন বই নয়, ওদের হাতে শুঁটকির গন্ধ
যে বয়সে বই হাতে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা কিংবা বন্ধুদের সঙ্গে খেলাধুলা ও হইহুল্লোড় করার কথা, সে বয়সে একদল শিশু ও কিশোর বিচ্ছিন্ন এক চরের জেলেপল্লিতে দিনমান কঠোর পরিশ্রম করে। বিনিময়ে তারা শুধু তিন বেলা খাবার আর পরনের কাপড় পায়। ভালো বেতন দেওয়ার প্রলোভন দেখিয়ে অথবা বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে তাদের এখানে আনা হচ্ছে। শিশুশ্রম নিষিদ্ধ হলেও একশ্রেণীর দালাল তাদের এখানে এনে শুঁটকি শুকানোর মতো কঠিন কাজে নিয়োগ করছে।১৭ ফেব্রুয়ারি রাতে কোস্টগার্ডের সদস্যরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর জেলেপল্লি থেকে নয়জন শিশুকে উদ্ধার করেন। এ ঘটনার পর শিশুদের এখানে এনে কঠোর পরিশ্রম করানো এবং তাদের সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করার বিষয়টি প্রকাশ পায়। এ পর্যন্ত কোস্টগার্ডের সদস্যরা ওই জেলেপল্লি থেকে ৮৬ জন শিশুকে উদ্ধার করেছেন।সরেজমিনে জানা গেছে, প্রতিবছর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দুবলার চরে চলে শুঁটকি মৌসুম। এ মৌসুমকে কেন্দ্র করে মেহের আলী, মাঝের কিল্লা, মানিকখালী, আলোর কোল, নারকেলবাড়ী, শ্যালার চর, অফিস কিল্লা ও বন্দে আলীর চরে গড়ে ওঠে অস্থায়ী বসতি। দুবলার চরে মাছ শুকানোর জন্য ১৪টি বহরদারকে পাস দেওয়া হয়। বহরদারেরা কাজ করানোর জন্য শিশু ও কিশোরদের এখানে নিয়ে আসতে দালাল নিয়োগ করে।পরে দালালেরা দেশের বিভিন্ন এলাকার রেলস্টেশন, স্টিমার ঘাট, লঞ্চ ঘাট, বাসস্টেশন থেকে ভবঘুরে শিশু-কিশোরদের প্রলোভন দেখিয়ে ট্রলারে করে দুবলার চরে নিয়ে আসে। বহরদারেরা দালালদের শিশু-কিশোরপ্রতি পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে।এরপর এ শিশু-কিশোরদের শুঁটকি প্রক্রিয়াকরণের কাজে নিয়োগ করা হয়। রাত হোক আর দিন হোক, মাছের ট্রলার চরে আসলেই মাছ বহন, বাছাই ও শুকানোসহ বিভিন্ন কষ্টের কাজ শুরু হয়। বিনিময়ে তাদের তিনবেলা মোটা চালের ভাত ও পরনের কাপড় ছাড়া কিছুই দেওয়া হয় না। চলে যাওয়ার ইচ্ছা থাকলেও চারদিকে পানি, আর ট্রলার ছাড়া অন্য কোনো যানবাহন না থাকায় তারা পালিয়ে যেতে পারে না। শুঁটকি মৌসুম শেষ হলেই বহরদারেরা তাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়।১৭ ফেব্রুয়ারি উদ্ধার হওয়া নোয়াখালীর রিপন ও জুয়েল জানায়, দুজন মাছ ব্যবসায়ী বিভিন্ন এলাকা ঘুরে দেখানো এবং টাকা দেওয়ার কথা বলে প্রায় দুই মাস আগে তাদের দুবলার চরে নিয়ে আসেন।দুবলার চর ফিশারমেন গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন জানান, এখানে শিশু ও কিশোরদের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয় না। তারা নিজের ইচ্ছায় এখানে আসে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার জানান, দুবলার চরে শিশুশ্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কোনো বহরদারের ঘরে শিশুদের পাওয়া গেলে তাদের পাস বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. লোকমান হাকিম জানান, কোস্টগার্ডের সদস্যরা চলতি মৌসুমে দুবলার চরের বিভিন্ন জেলেপল্লিতে অভিযান চালিয়ে ৮৬ জন শিশু-কিশোরকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়েছেন।