নতুন বই পায়নি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদার তুলনায় ৫৪ শতাংশ বই কম আসায় পটুয়াখালীর বাউফল উপজেলার ২২৫টি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে নতুন বই হাতে পায়নি বলে জানা গেছে।গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্কুলে গিয়ে দেখা গেছে, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সব বই নতুন পেয়েছে। তবে চতুর্থ শ্রেণীর কোনো শিক্ষার্থীর হাতেই ২০১২ সালের নতুন বই পৌঁছেনি। আবার অনেক বিদ্যালয়ে নতুন বইয়ের সঙ্গে পুরোনো বই দেওয়া হয়েছে।বই বিতরণের দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, নতুন বই পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করা হবে।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত বাউফলে প্রথম শ্রেণীর ৩১ হাজার ৮৩৬টি বইয়ের মধ্যে ১০ হাজার ৬১২টি বই পাওয়া যায়। দ্বিতীয় শ্রেণীর ২৬ হাজার ৪২৫টি বইয়ের মধ্যে আট হাজার ৩৪৫টি, তৃতীয় শ্রেণীর জন্য চাহিদার ৩৫ হাজার ১৬৮টি নতুন বই পাওয়া গেলেও চতুর্থ শ্রেণীর জন্য চাহিদার ৩৩ হাজার ৪৮৯টি বইয়ের কোনো নতুন বই পাওয়া যায়নি। পঞ্চম শ্রেণীর ১১ হাজার ৬৪০টি বইয়ের মধ্যে নয় হাজার ৪৩২টি বই পাওয়া যায়।বড় ডালিমা আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ বলেন, গতকাল পর্যন্ত প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে শুধু ইংরেজি বই নতুন আর বাকি সব পুরোনো, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ব্যতীত সব বই পুরোনো, তৃতীয় শ্রেণীতে ধর্ম বিষয় ব্যতীত বাকি পাঁচ বিষয়ের নতুন বই দেওয়া হয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোনো শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়া সম্ভব হয়নি। তবে তাদের পুরোনো বই দেওয়া হয়েছে। দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াছমিন জানান, তৃতীয় শ্রেণীতে সব বিষয়ে নতুন বই দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে আংশিক নতুন, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে সব বিষয়ের পুরোনো বই দেওয়া হয়েছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এই পর্যন্ত চাহিদার ৪৬ শতাংশ নতুন বই পাওয়া গেছে এবং সেগুলো শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণও করা হয়েছে। বাকি বই দু-একদিনের মধ্যে পেয়ে যাব এবং সেগুলোই দ্রুত শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।