বই বিতরণ উৎসবের প্রথম দিন প্রতিষ্ঠানে এসেছিল ওরা। এসেছিল গতকাল সোমবারও। দুদিনেও নতুন বইয়ের গন্ধ শুঁকতে পারেনি। মন খারাপ করে বাড়ি ফিরতে হয়েছে টাঙ্গাইলের সখীপুরের ২৭টি মাদ্রাসার খুদে শিক্ষার্থীদের।
উপজেলার এই ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩টি শ্রেণিতে ৩ হাজার ৮২০ শিক্ষার্থী রয়েছে। গতকাল পর্যন্ত তাদের কারও হাতে একটি বইও ওঠেনি। অথচ উপজেলার সব সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম দিনেই বই বিতরণ হয়েছে।
সখীপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ২৭টি মাদ্রাসায় ১১ হাজার ৮২৫ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে তৃতীয় শ্রেণিতে ১ হাজার ২৮০, চতুর্থ শ্রেণিতে ১ হাজার ২৯০ ও অষ্টম শ্রেণিতে ১ হাজার ২৫০ শিক্ষার্থীর কেউ গত দুদিনে একটি বইও পায়নি।
গতকাল সোমবার সকালে সখীপুর থানা সদর দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, তৃতীয়, চতুর্থ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বই ছাড়াই শুভেচ্ছা ক্লাস করছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার বলে, ‘বই উৎসবের প্রথম দিন এসে শুনি আমাদের ক্লাসের একটি নতুন বইও আসেনি। মন খারাপ করে চলে গিয়েছিলাম। আজ এসেও বই পাইনি।’
মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বিমাতাসুলভ আচরণের অভিযোগ করেছেন শিক্ষকেরা। সখীপুর থানা সদর দাখিল মাদ্রাসার সুপার ও মাদ্রাসা শিক্ষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রথম আলোকে অভিযোগ করে বলেন, শিক্ষা কর্মকর্তাদের গাফিলতির কারণেই তাঁদের তিনটি শ্রেণির শিক্ষার্থীদের বই আসেনি।
তবে সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘আমি কোনো গাফিলতি করিনি। মাদ্রাসার ওই তিন শ্রেণির বই আমাদের হাতে এখনো আসেনি। বই সখীপুরে পৌঁছানো মাত্রই ওই ২৭টি মাদ্রাসায় পৌঁছে দেওয়া হবে।’