নতুন বই পেল প্রথম আলো চরের শিক্ষার্থীরা
কুড়িগ্রামে প্রথম আলো চর বেসরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গত বুধবার বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ভীষণ খুশি হয়েছে। বই বিতরণ করার সময় কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র রায়, বেসরকারি সংস্থা জীবিকার পরিচালক মানিক চৌধুরী ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘প্রথম আলো চরে প্রথম আলো পত্রিকা চমৎকার বিদ্যালয় নির্মাণ করেছে। অসংখ্য শিশু সেই বিদ্যালয়ে যাচ্ছে। প্রথম আলো ট্রাস্ট নিজ খরচে বিদ্যালয়টি পরিচালনা করছে। এ ধরনের কাজ করে প্রথম আলো উদাহরণ সৃষ্টি করেছে। আমি মনে করি, ভালো কাজে সবাইকে এগিয়ে আসা উচিত।’প্রথম আলো চরের বাসিন্দা ফজলার রহমান জানান, এখানে শিশুর সংখ্যা দুই শতাধিক। এখানে কোনো বিদ্যালয় না থাকায় শিশুদের লেখাপড়ার সুযোগ ছিল না। ২০১০ সালের জানুয়ারি মাসে প্রথম আলো একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে।প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র রায় জানান, বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৮৫।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টি দেখে আমি ভীষণ খুশি। এ বিদ্যালয়টি চরের মডেল হতে পারে।’