নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে আনন্দে উদ্বেলিত খুদে শিক্ষার্থীরা। ফরিদপুর সদর উপজেলার কমলাপুর এলাকার তারার মেলা ঈশান মেমোরিয়াল আধুনিক শিশু বিদ্যালয় থেকে গতকাল তোলা ছবি l আলীমুজ্জামান
বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে আনন্দে উদ্বেলিত খুদে শিক্ষার্থীরা। ফরিদপুর সদর উপজেলার কমলাপুর এলাকার তারার মেলা ঈশান মেমোরিয়াল আধুনিক শিশু বিদ্যালয় থেকে গতকাল তোলা ছবি l আলীমুজ্জামান

‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশজুড়ে উঠব’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুব খুশি।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: সকালে শহরের পুরোনো ডিসি কোর্ট চত্বরে বই উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসন ও শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বছর ঝিনাইদহে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ২০ লাখ ৩৪ হাজার ৩১৭, দাখিল পর্যন্ত শিক্ষার্থীদের ২ লাখ ৭২ হাজার ৬৮৭ এবং ইবতেদায়িতে ১ লাখ ৪৮ হাজার ৫২, এসএসসি ভোকেশনালে ২৩ হাজার বই বিতরণ করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলার বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইদুল ইসলাম বলে, ‘খুবই আনন্দ লাগছে নতুন বই পেয়ে। স্কুল বন্ধ থাকলেও বই দেবে শুনে চলে এসেছি।’
সাতক্ষীরা: সকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন সাংসদ মীর মোস্তাক আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এদিকে সকালে সাতক্ষীরা সিলভার জুবিলী পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। জেলায় এ বছর মাধ্যমিক পর্যায়ে ২ লাখ ১৯ হাজার ৪০৮ জন শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৪৩ হাজার ৫০২ শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হবে। গতকাল সব পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছু নতুন বই বিতরণ করা হয়েছে।
বরিশাল: সকাল সাড়ে ১০টায় নগরীর ১০৫ নম্বর দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন সাংসদ জেবুন্নেছা আফরোজ। সকাল ১০টায় নগরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিশুদের হাতে বই তুলে দেন বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ। বেলা ১১টায় নগরের মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন সাংসদ তালুকদার মো. ইউনুস।

জেলায় প্রাথমিকের বইয়ের চাহিদা রয়েছে ৫৯ লাখ ৫২ হাজার ৯৯টি। ৩১ ডিসেম্বর মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বই পৌঁছে দেওয়া হয়েছে। মাধ্যমিক পর্যায়ের ২ হাজার ৮২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ১৯ হাজার ৫৮৭ জন শিক্ষার্থীর জন্য নতুন বই এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে।

ফরিদপুর: সকাল ১০টার দিকে শহরের ইশান মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। জেলার নয় উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৩ লাখ ২৫ হাজার শিক্ষার্থীর মধ্যে মোট ১৪ লাখ ৫৩ হাজার বই বিতরণ করা হয়।

যশোর: সকাল ১০টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর। যশোরে চার লাখের বেশি শিক্ষার্থীর হাতে ১৬ লাখ ৩৮ হাজার ৮৪৬টি নতুন বই তুলে দেওয়া হবে। এদিকে মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে যশোর জিলা স্কুলে। এবার জেলায় মাধ্যমিক পর্যায়ে ২৯ লাখ ৬৪ হাজার ৭৫০, দাখিল পর্যায়ে ৭ লাখ ৮৫ হাজার ১২৫, ইবতেদায়ি পর্যায়ে ৪ লাখ ৭২ হাজার ৬০০ বই বিতরণ করা হবে।

চুয়াডাঙ্গা: জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন। এতে জেলা প্রশাসক সায়মা ইউনুস সভাপতিত্ব করেন। জেলায় এ বছর মাধ্যমিকের ১৩ লাখ ১৮ হাজার ২৮৫ ও প্রাথমিকের ৭ লাখ ১২ হাজার ৯১৪ বই বিতরণ করা হচ্ছে।

মঠবাড়িয়া (পিরোজপুর): সকালে সাংসদ এ কে এম এ আউয়াল শহরের করিমুন্নেছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে উৎসবের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী। এ বছর জেলায় প্রাথমিকের ১ লাখ ৫৮ হাজার ২৪২ জন এবং মাধ্যমিকের ৮০ হাজার ২৪০ জন, কারিগরি শাখার ১ হাজার ২৭৫, দাখিলের ৩১ হাজার ৭৮ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ির ২৬ হাজার ২৫১ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হবে।