নতুন বই হাতে বঁাধভাঙা উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী ও খাগড়াছড়িতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন বই হাতে হাসিমুখে বাড়ি ফিরেছে শিশুরা।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: গতকাল সকাল থেকে নগর ও জেলার বিভিন্ন বিদ্যালয়ে চলেছে বই উৎসব। সকাল নয়টায় নগরের মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ শুরু করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা। জামায়াতের ডাকা হরতালের কারণে বই উৎসবে ভাটা পড়েনি বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম জানান, জেলা ও নগর মিলিয়ে ১ হাজার ১৭৩টি বিদ্যালয় ও মাদ্রাসায় আগেই সব বই পাঠিয়ে দেওয়া হয়। মোট ৫ লাখ ৯০ হাজার ১৭৯ জন শিক্ষার্থীর হাতে এবার বই তুলে দেওয়া হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, চট্টগ্রাম জেলায় মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪ হাজার ১৫২টি। এবার প্রাথমিক স্তরের ৯ লাখ ১৫ হাজার ১৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ লাখ ২৮ হাজার বই বিতরণ করা হচ্ছে।
লক্ষ্মীপুর: বই উৎসব উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাদাত হোসাইন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সৈয়দ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম। এ সময় জেলা ও উপজেলা শিক্ষা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফেনী: গতকাল জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অানুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে। ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ ভট্টাচার্য, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া বসরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতেয়ার ইসলাম মুন্না।
এর আগে জেলা প্রশাসক ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ফেনী শিশুনিকেতনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। ফেনী আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক।
খাগড়াছড়ি: খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের হাতে পাঠ্যবই তুলে দেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম।
এর আগে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমা, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম; ফেনী অফিস; খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর প্রতিনিধি}