নতুন বইয়ের আনন্দে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রথম দিন নতুন বই। আনন্দের আত্মহারা শিক্ষার্থীরা। বই বিতরণ উপলক্ষে ১ জানুয়ারি চট্টগ্রামের জেলা-উপজেলার প্রতিটি বিদ্যালয়েই ছিল উৎসবের আমেজ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
কক্সবাজার: কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের জটলা। এই জটলার এক পাশে দাঁড়িয়ে নতুন বইয়ের মলাট খুলে দেখছিল নবম শ্রেণির ছাত্র টিটু দে।
বই পেয়ে কেমন লাগছে জিজ্ঞেস করতেই এক গাল হেসে বলল, ‘খুব ভালো লাগছে।’ টিটুর মতো আনন্দিত অষ্টম শ্রেণির ছাত্র আওলাদ খান, নবম শ্রেণির রাজীব নাথসহ এই বিদ্যালয়ের ৯৬০ শিক্ষার্থীও।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন জানান, সরকারের বিনা মূল্যের বই না পেলে বহু মেধাবী ও গরিব শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে যেত।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, মাধ্যমিক শিক্ষার ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ২৬০ জন শিক্ষার্থীর জন্য ১৭ লাখ ১৯ হাজার ৬০৩টি নতুন বই বরাদ্দ দেওয়া হয়েছে। আর মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় ১০ লাখ ২৮ হাজার ২৬৫টি নতুন বই।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ জানান, জেলার ১ হাজার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৩৩ হাজার ৮১৭ জন শিক্ষার্থীর মধ্যে ২১ লাখ ১৮ হাজার ৫৩৫টি নতুন বই বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৫ লাখ ৯৪ হাজার ২৯৯টি বই বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, নতুন বছরের প্রথম দিন জেলার আটটি উপজেলার প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর মধ্যে ৪৮ লাখ নতুন বই বিতরণ করা হয়েছে। ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনা মূল্যের বই বিতরণ কর্মসূচি উৎসবের আমেজ বয়ে আনে।
সাতকানিয়া: বিনা মূল্যের নতুন বই পেয়ে সাতকানিয়ার শিক্ষার্থীরা মহাখুশি। গত বৃহস্পতিবার বেলা ১১টায় সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বই উৎসবের প্রধান অতিথি সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে এম মোর্শেদ। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দীন, মো. শাহজাহান, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি রোকেয়া বেগম, সদস্য আনোয়ার কামাল ও জাহেদা বেগম প্রমুখ।
মহেশখালী: মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। মহেশখালী সদরের গোরকঘাটা উচ্চবিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন।
পরে বিদ্যালয় মিলনায়তনে অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তাই এই এলাকায় শিক্ষার হার বাড়ানোর জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মকছুদ মিয়া।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, পরিচালনা কমিটির সদস্য মাহমুদুল হক, আবদুর রহিম, আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রণব কুমার দে।