নতুন বইয়ে আনন্দ-উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। কে কার আগে বাড়ি ফিরবে যেন এ প্রতিযোগিতায় নেমেছে তারা। গতকাল বেলা ১১টায় ময়মনসিংহ শহরের খাগডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা ছবি l প্রথম আলো
নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। কে কার আগে বাড়ি ফিরবে যেন এ প্রতিযোগিতায় নেমেছে তারা। গতকাল বেলা ১১টায় ময়মনসিংহ শহরের খাগডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা ছবি l প্রথম আলো

নতুন বছর। হাতে নতুন বই। বই পেয়ে আনন্দে আত্মহারা দেশের লাখ লাখ শিক্ষার্থী। কেউ ওই বই হাতে নিচ্ছে, কেউ পৃষ্ঠা উল্টিয়ে ঘ্রাণ নিচ্ছে। নতুন বইয়ের ঘ্রাণে মুগ্ধ ওরা। ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশজুড়ে উঠব’—এই স্লোগান নিয়ে গতকাল শুক্রবার সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জ: গতকাল হবিগঞ্জের প্রায় চার লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে। বই বিতরণ উপলক্ষে গতকাল ওই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ মো. আবু জাহির।

কুমিল্লা: সকাল ১০টা থেকে কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চবিদ্যালয় ও মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন কুমিল্লা মহিলা সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার। কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, ‘বছরের প্রথম দিনই আমরা জেলার ১৬টি উপজেলার ৪ হাজার ৬৭০টি  বিদ্যালয়ের ৯ লাখ ৫৫৮ জন শিক্ষার্থীর কাছে বই পৌঁছাতে সক্ষম হয়েছি।’ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ বলেন, জেলার ৯৮০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ লাখ ১৪ হাজার শিক্ষার্থীর মধ্যে ৯৫ লাখ ৬২ হাজার বই বিতরণ করা হয়।   

  নেত্রকোনা: গতকাল প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় সাত লাখ শিক্ষার্থীর হাতে ৪৩ লাখ ২৮ হাজার ৫৪৫টি বই বিনা মূল্যে তুলে দেওয়া হয়। সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার শহরের মোক্তারপাড়া এলাকায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে উৎসব উদ্বোধন করেন।

 ময়মনসিংহ: ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল, মুকুল নিকেতন ও কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চবিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়। সকালে প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী প্রমুখ। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ১৩টি উপজেলায় প্রাথমিকে মোট ৯ লাখ ৯৫ হাজার শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ৯ লাখ শিক্ষার্থী বছরের প্রথম দিনে নতুন বই পায়। 

 ব্রাহ্মণবাড়িয়া: শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন।

  শেরপুর: সকালে স্থানীয় সাংসদ মো. আতিউর রহমান শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন।  জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, গতকাল সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও নকলা উপজেলায় ২০ লাখ ৬১ হাজার ২৬০টি বই বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, জেলার ২ লাখ ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৫৪ হাজার বই বিতরণ করা হয়।  

 সিলেট: সিলেট বিভাগে ২ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৮০০ নতুন বই শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ৮৮ লাখ ৭৩ হাজার ৮০০টি এবং মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ১ কোটি ৩৯ লাখ বই সরবরাহ করা হয়েছে।

 সুনামগঞ্জ: গতকাল জেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের চার লাখ শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। সকাল নয়টার দিকে জেলা শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

 টাঙ্গাইল: টাঙ্গাইল কালেক্টরেট হাইস্কুল ও কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।

 মৌলভীবাজার: সকালে আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিয়ে উৎসব উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, মৌলভীবাজার সদরের ইউএনও কামরুজ্জামান প্রমুখ।