নতুন বইয়ে মাতোয়ারা শিশুরা

বছরের প্রথম দিনটিতেই ছিল হরতাল। তার ওপর শীত। এর মধ্যেই নতুন বই নিতে গুটি গুটি পায়ে বিদ্যালয়ে হাজির শিক্ষার্থীরা। বই হাতে নিয়েই শুরু হয়ে যায় হইহুল্লোড় আর বাঁধভাঙা উচ্ছ্বাস। গতকাল বৃহস্পতিবার এভাবেই সিলেট ও বরিশাল নগরের শিশুরা বই উৎসবের মাধ্যমে বরণ করে নিল নতুন বছরকে।
সিলেট: গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সারা দেশের মতো সিলেটেও বছরের প্রথম দিনটিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিয়েছে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয়েছিল ‘পাঠ্যপুস্তক উৎসব’। এ উৎসবে বই বিতরণের পাশাপাশি ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায় বলেন, সদর উপজেলায় মাধ্যমিক স্তরের প্রায় ১০ লাখ বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এর মধ্যে সিলেট নগরের ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় তিন লাখ বই বিতরণ করা হয়েছে।
সকাল ১০টায় নগরের জিন্দাবাজার এলাকার সিলেট অগ্রগামী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহম্মদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র নাথ জানান, বিদ্যালয়ের ১ হাজার ৯০০ ছাত্রীর হাতে গতকাল নতুন বই তুলে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ঐশী ভট্টাচার্য ও অদিতি পুরকায়স্থ জানায়, বছরের শুরুতে বই পাওয়ায় তাদের মনে অন্য রকম আনন্দ লাগছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বলেন, জেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ৩০ লাখ ৯২ হাজার ৯৪৮টি বই বিতরণ করা হয়েছে। বর্ণিল আয়োজনে বই উৎসব কর্মসূচি পালনের মধ্য দিয়ে সিলেট নগরের ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৫ হাজার ৮৩৩টি বই বিতরণ করা হয়েছে।
বরিশাল: নগরের কিশোর মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার সকালে শিশুরা নতুন বই পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে।
সরেজমিনে দেখা গেছে, কেউ নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছে। কেউবা উল্টে-পাল্টে দেখছে বইয়ের ছবি।
নগরের সরকারি বালিকা বিদ্যালয় সূত্রে জানা যায়, এবার তাদের বিদ্যালয়ে ২ হাজার ৫০০ বই বিতরণ করা হয়েছে। উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিভাগীয় কমিশনার মো. গাউস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মাহবুবা হোসেন।
নতুন বই পেয়ে সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সামরী রহমান বলেন, নতুন বছরের শুরুতে নতুন বই পাওয়ার অনুতূতি সত্যিই আনন্দের।
ঠিক তখনই স্কুলের সামনে বেলুন নিয়ে দাঁড়িয়ে ছিল শিশু রাসেল। তাকিয়ে দেখছিল শিশুদের বই নিয়ে আনন্দ উৎসব। বেলুন বিক্রি করতে করতেই বলছিল, ‘আমারও বই পেতে ইচ্ছে করে।’
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরিশাল কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল নগরে এবার ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ১৩৬টি বই বিতরণ করা হয়েছে।