
নতুন বই হাতে পেয়েই তা উল্টেপাল্টে দেখে কাজী আশিকুর রহমান। সে এবার তৃতীয় শ্রেণিতে উঠেছে। পড়ে চট্টগ্রাম নগরের মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বই নিয়ে তার সঙ্গে কথা বলার শুরুতেই হড়হড় করে একনিশ্বাসে বলে, ‘বাংলা, ইংরেজি, গণিত—সব বই পড়ব। বাংলা বইয়ের গল্প-কবিতা আগে পড়ে ফেলব।’
আশিকুরের পাশে বসা ছিল একই শ্রেণির আরেক ছাত্র মো. সাইদুর রহমান। তার কথা, ‘বাসায় গিয়ে মাকে বলব, বইয়ে সুন্দর মলাট লাগিয়ে দিতে। যাতে ছিঁড়ে না যায়। এরপর পড়া শুরু করব।’ দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রী জুঁই আক্তার ও সোহা আক্তার অবশ্য বইয়ের ছবিগুলো আগে ভালো করে দেখবে।
বই পেয়ে সন্তানদের উচ্ছ্বাসে খুশি মায়েরাও। নাসিমা বেগম নামের এক অভিভাবক বললেন, প্রথম কয়েক দিন নতুন বই দেখতে দেখতে আর এর ঘ্রাণ নিতেই কাটিয়ে দেবে ওরা। বই পেয়ে ছেলেমেয়েদের আনন্দ দেখে তাঁরও ভালো লাগছে।
গতকাল রোববার সকাল নয়টায় চট্টগ্রামের মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। তিনি প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। বই বিতরণের সময় জেলা প্রশাসক শিশুদের জিজ্ঞেস করেন, ‘নতুন বই পাওয়া কি আনন্দের?’ শিশুরা সমস্বরে জবাব দেয়, ‘হ্যাঁ, আনন্দের।’ এরপর জেলা প্রশাসক জানতে চান, ‘বাসায় গিয়ে সবাই বই পড়বে তো?’ এবারও বাচ্চাদের উত্তর, ‘হ্যাঁ’।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের ৪ হাজার ৭৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ লাখ ৮৮ হাজার ১০৫ জন শিক্ষার্থীকে ৫ কোটি ১৯ লাখ ৭০ হাজার ২০টি বই দেওয়া হচ্ছে। অবশ্য বছরের প্রথম দিন জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শতভাগ বই বিতরণ করা হয়নি। কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি করে বই দেওয়া হয়েছে। পুরো সেট বই না পেয়ে তারা হতাশ হয়ে বাড়ি ফিরেছে।
পটিয়া উপজেলার পশ্চিম শাহ মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসান উল্লাহ বলেন, পুরো সেট বই না পাওয়ায় কোনো শিক্ষার্থীকে একটি, কাউকে দুটি করে নতুন বই দেওয়া হয়েছে।
এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঋষিকেশ শীল প্রথম আলোকে বলেন, চাহিদা অনুযায়ী সব বই ছাপানো হয়েছে। কিন্তু পরিবহন সমস্যাসহ কিছু জটিলতার কারণে সব বই বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয়নি। তবে দু-এক দিনের মধ্যেই শতভাগ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে।
এদিকে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয় নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম।
হোসনে আরা বেগম বলেন, চট্টগ্রামের ১ হাজার ৫১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ লাখ ৩৫ হাজার ৬০৪ জন শিক্ষার্থীকে মোট ১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৩০০ বই দেওয়া হবে।
সন্তানকে সময় দেওয়ার অনুরোধ মেয়রের
চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা বিভাগ আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘অনেক পিতামাতাকে দেখি, তাঁরা খুবই ব্যস্ত। তাঁরা ব্যস্ত হতেই পারেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবে আপনারা যতই ব্যস্ত হন না কেন, সন্তান যদি মানুষ না হয় তাহলে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তাই সন্তানকে সময় দেন। সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে, কাদের সঙ্গে যোগাযোগ আছে—এসবের খোঁজখবর রাখেন।’
চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিটি করপোরেশন পরিচালিত ৪৭টি মাধ্যমিক ৮টি কিন্ডারগার্টেন ও ৪টি প্রাথমিক বিদ্যালয় থেকে মনোনীত একজন করে শিক্ষার্থীর হাতে বই তুলে দেন মেয়র।
সিটি করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও নিছার উদ্দিন আহমেদ, কাউন্সিলর গিয়াস উদ্দিন, হাবিবুল হক, হাসান মুরাদ প্রমুখ।