নতুন বইয়ের গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক ব্যবসা-মুহাম্মদ ইউনূস, শচীন রূপকথা-উত্পল শুভ্র, আমি মৃণালিনী নই-হরিশংকর জলদাস, গণআদালত থেকে গণজাগরণ মঞ্চ-শাহরিয়ার কবির
সামাজিক ব্যবসা-মুহাম্মদ ইউনূস, শচীন রূপকথা-উত্পল শুভ্র, আমি মৃণালিনী নই-হরিশংকর জলদাস, গণআদালত থেকে গণজাগরণ মঞ্চ-শাহরিয়ার কবির

ধুলো নেই, কাদা নেই। অমর একুশে গ্রন্থমেলায় এখন শুধু নতুন বইয়ের গন্ধ। এই নতুন বইয়ের গন্ধটাই অন্য রকম। এ গন্ধের টানেই প্রতিদিন মেলায় আসেন অনেক বইপ্রেমী। এক স্টল থেকে আরেক স্টল ঘুরে ঘুরে বই দেখেন, বই কেনেন। পরিচিতজনদের সঙ্গে দেখা হওয়ার আকর্ষণও নেহাত কম নয়।
প্রকাশকেরা প্রথম সপ্তাহের মধ্যেই তাঁদের পরিকল্পিত বেশির ভাগ বই মেলায় নিয়ে আসার চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। গতকাল বুধবার মেলায় গণজাগরণ বার্ষিকীর প্রভাব ছিল। শাহবাগে মিলিত হয়ে অনেকে একবারের জন্য ঢুঁ মেরেছেন মেলায়। গণজাগরণবিষয়ক বেশ কিছু বইও প্রকাশিত হয়েছে গতকাল। তবে দর্শনার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হলেও বেচাকেনা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বিক্রয়কর্মীরা।
গতকাল বইমেলার পঞ্চম দিনে দেখা গেল নতুন করে প্রবেশপথ তৈরি হয়েছে। মেলার পঞ্চম দিনে উদ্যানের অংশে নকশামণ্ডিত তোরণ দর্শকদের মন কেড়েছে। তবে গতকাল শুরুটা ভালো হয়নি। বিকেলে একাডেমি চত্বর কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিতি খুবই কম ছিল! বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বিক্রয়কর্মীদের মন ভার ছিল। বর্ধমান হাউসের পেছনে বহেড়াতলায় লিটলম্যাগ চত্বরে তেমন উপস্থিতি ছিল না। সন্ধ্যা নামতেই উপস্থিতি বাড়তে থাকে। নানা বয়সী দর্শকের পাশাপাশি গতকাল বেশ কয়েক বিশিষ্টজনকে দেখা গেল। মেলা প্রাঙ্গণে দেখা হলো সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সঙ্গে। অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য তিনি। বললেন, ‘মেলা সোহরাওয়ার্দী উদ্যানে ছড়িয়ে যাওয়ার ফলে এ পরিসর এখন অনেক বেড়েছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী যদি উদ্যানের সঙ্গে একাডেমি চত্বরের মাঝামাঝি অবকাঠামোগত যোগসূত্র তৈরি করা যায়, তাহলে ভবিষ্যতে বড় পরিসরে সুন্দর করে মেলা সাজানো যাবে।’
প্রকাশনা সংস্থা ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দীন আহমেদ বসে ছিলেন তাঁর প্রতিষ্ঠানের স্টলে। মেলার পরিসর নিয়ে তিনিও সন্তোষ জানালেন। তবে গাড়ি পার্কিং সুবিধাসহ অবকাঠামো উন্নয়নের কথা বললেন তিনি। বিগত কয়েক বছরের তুলনায় এবার বেচাকেনা কিছুটা কম বলে মনে হচ্ছে তাঁর।
মোড়ক উন্মোচন ও নতুন বই
বিকেলে গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তি উপলক্ষে শাহরিয়ার কবিরের গবেষণাগ্রন্থ গণআদালত থেকে গণজাগরণ মঞ্চ বইটির মোড়ক উন্মোচন করা হয় নজরুল মঞ্চে। মোড়ক উন্মোচন করেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক মুনতাসীর মামুন, ব্যারিস্টার তুরিন আফরোজ, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল প্রমুখ। বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। দেশের বাইরে থাকায় লেখক শাহরিয়ার কবির উপস্থিত ছিলেন না। গতকাল মেলার নজরুল মঞ্চে আরও তিনটি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।
মেলার পঞ্চম দিনে এসেছে ৭৬টি নতুন বই। এর মধ্যে গল্প ৮, উপন্যাস ১৫, প্রবন্ধ ৩, কবিতা ২৬, ছড়া ৪, শিশুসাহিত্য ৫, রচনাবলি ২, বিজ্ঞান ১, ভ্রমণ ১, রাজনীতি ১, রম্য ১, বৈজ্ঞানিক কল্পকাহিনি ৩ ও অন্যান্য বিষয়ের ওপর এসেছে ছয়টি বই। মেলায় প্রথমা প্রকাশন এনেছে হরিশংকর জলদাসের আমি মৃণালিনী নই ও বিশ্বজিৎ চৌধুরীর নার্গিস, ঐতিহ্য এনেছে রুদ্র আরিফ ও বিজয় আহমেদের গ্রন্থনা ও সম্পাদিত ফিল্মমেকারের ভাষা কোরিয়া পর্ব, শারদুল সজলের অন্ধকারে যতদূর দেখা যায়, বিদ্যাপ্রকাশ এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর বিচ্ছিন্নতায় অসম্মতি, সময় এনেছে শওকত ওসমানের প্রবন্ধসমগ্র, আহসান হাবীবের বিচ্যুত সময়, অন্বেষা এনেছে পিয়াস মজিদের কবিতাজীবনী, কথাপ্রকাশ এনেছে শামীম আল আমিনের টেলিভিশন সংবাদ ও সাংবাদিকতা, প্রকৃতি থেকে মেলায় এসেছে বিধান রিবেরুর শাহবাগ: রাজনীতি-ধর্ম-চেতনা ইত্যাদি বই।

মেলামঞ্চের আয়োজন
গতকাল বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আবু মহামেদ হবিবুল্লাহ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আখতারুজ্জামান। আলোচনায় অংশ নেন অজয় রায়, এনামুল হক, শামসুল হোসাইন, মো. মাহবুবর রহমান। সভাপতিত্ব করেন এ বি এম হোসেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহনাজ নাসরীন, খালিদ হোসেন, ফেরদৌস আরা, ফাতেমা-তুজ-জোহরা, সুজিত মোস্তফা, ইয়াসমিন মুশতারী, ইয়াকুব আলী খান, লীনা তাপসী, এ কে এম শহীদ কবীর প্রমুখ।