
শিক্ষাবর্ষ শুরুর দিনেই নতুন বইয়ের ঘ্রাণে উদ্বেলিত, উচ্ছ্বসিত হলো প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। হাতে নতুন বই নিয়ে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় থেকে হাসিমুখে বাড়ি ফিরেছে তারা। রাজধানীসহ দেশের সর্বত্র ছিল একই চিত্র।
গতকাল দেশব্যাপী ‘পাঠ্যপুস্তক উৎসবে’ বিনা মূল্যের নতুন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও এই উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার।
কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয় রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই উৎসব হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জামায়াত-শিবির চক্র দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছিল। তারা ব্যর্থ হয়েছে। আজ উৎসবে মাঠ ভরে গেছে। সারা দেশেই উৎসবের খবর পাওয়া গেছে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বই উঁচু করে তুলে ধরে। এ সময় সেখানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।
এবার সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক (মাদ্রাসাসহ) স্তরের চার কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর জন্য ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩ কপি বই দেওয়া হচ্ছে।
এদিকে প্রথম আলোর পটুয়াখালীর বাউফল প্রতিনিধি জানান, বাউফল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা একটি করে বই পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সব বই পেয়েছে। শিশু শ্রেণির (প্রাক্-প্রাথমিক) শিক্ষার্থীরা গতকাল নতুন বই পায়নি।
অবশ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান আবুল কাশেম মিয়া গত বুধবার প্রথম আলোকে বলেছিলেন, প্রাক্-প্রাথমিকের বই একটু দেরি হবে, সেটা আগেই বলা আছে। কারণ, এই স্তরের শিশুরা একটু দেরিতে ভর্তি হয়।