সকাল থেকে বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে। নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার জন্য মুখিয়ে ছিল শিক্ষার্থীরা। বই বিতরণ শুরু হলে উৎসবে মেতে ওঠে তারা। সেই উৎসবের আমেজ ছিল গতকাল রোববার দিনভর। দেশজুড়ে গতকাল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ্যবই দেওয়া হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট নগরের অগ্রগামী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বেলা ১১টায় পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ। এর আগে সকালে নগরের মীরের ময়দান এলাকার ব্লু-বার্ড স্কুলে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ও দক্ষিণ সুরমার কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ ছাড়া মইয়ারচর হেলিমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়।
জেলা শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে ২৬ লাখ ২৩ হাজার ও মাধ্যমিকে ১ কোটি ২৫ লাখ বই বিতরণ করা হয়েছে।
কুমিল্লা জিলা স্কুলে সকাল সাড়ে নয়টায় পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। পরে তিনি বেলা দেড়টার দিকে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন। এ ছাড়া সকাল ১০টায় কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।
কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী হাসিব আহমেদ, কামরুজ্জামান ও ফরিদ আহমেদ বলে, ‘নতুন বই পেয়েছি। নতুন বইয়ের গন্ধ অন্য রকম। আজ রাতেই (গতকাল) আলাদা কাগজ দিয়ে বইয়ের মলাট তৈরি করব।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ১৬ উপজেলার ১০ লাখ ৩৭ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪৩ লাখ ৯৪ হাজার ৭৫০টি নতুন বই বিতরণ করা হয়েছে। অন্যদিকে জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ৭ লাখ ৫৭ হাজার ৬০০ জন শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৩৭ হাজার বই বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক রফিকুল ইসলাম সকাল ১০টায় সুনামগঞ্জ পৌরসভার সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক স্তরে ৪ লাখ ৫৫ হাজার ও মাধ্যমিক পর্যায়ে ২ লাখ ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়েছে।
হবিগঞ্জের সাংসদ মো. আবু জাহির সকাল সাড়ে আটটায় হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন। জেলা প্রশাসক সাবিনা আলমসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বই বিতরণকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে সাংসদ আবু জাহির আরও কয়েকটি বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন।
জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ১ লাখ ৬৩ হাজার শিক্ষার্থীকে ৩০ লাখ ২৮ হাজার বই দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক স্তরের ৩ লাখ ৪৫ হাজার ছাত্রছাত্রীর মধ্যে ১৫ লাখ ৮৫ হাজার বই বিতরণ করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার হাসান আলী উচ্চবিদ্যালয়ের মাঠে সকালে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আবদুল হাই।
সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা যায়, এই জেলায় প্রাথমিক স্তরে সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে ৮ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন সাবেক সাংসদ এম এ মতিন। কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শেখ সাদিক, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য আশফাকুল আলম চৌধুরী, আবুল কালাম আজাদ, মো. শাহজাহান তালুকদার ও মো. শহিদ উল্যাহ।