নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল রোববার দেশে বই উৎসব পালিত হয়েছে। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে এদিন যশোর ও রাজবাড়ীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
সকাল ১০টায় রাজবাড়ী জেলা শহরের টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মানোয়ার হোসেন মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সদর ইউএনও সৈয়দা নুরমহল আশরাফী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ইয়াসিন উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। জেলার অন্যান্য উপজেলায়ও শিক্ষার্থীদের হাতেও বই তুলে দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, জেলার জন্য ৭ লাখ ৫ হাজার ৪০২টি বই বরাদ্দ পাওয়া গেছে। সব উপজেলায় বই পাঠানো হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, জেলার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১২ লাখ ২২ হাজার ৫৫৪টি, ইবতেদায়ি ও দাখিল পর্যায়ে ৩ লাখ ২৭ হাজার ৪৬টি, এসএসসি ভোকেশনাল পর্যায়ে ২৪ হাজার ৭০০টি, দাখিল ভোকেশনাল পর্যায়ে ২ হাজার ৫৫০টিসহ ১৫ লাখ ৭৬ হাজার ৮৫৩টি বই বরাদ্দ পাওয়া গেছে।
যশোর জেলায় গতকাল ১৫ লাখ ২৩ হাজার ও মাধ্যমিকে ৪৪ লাখ ১১ হাজার ১৭৫টি বই বিতরণ করা হয়। সকালে সাংসদ স্বপন ভট্টাচার্য মনিরামপুরের বিভিন্ন স্কুলে এবং সাংসদ সেখ আফিল উদ্দীন শার্শা উপজেলার কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।
এদিকে সকাল ১০টায় জেলা প্রশাসক হুমায়ুন কবীর যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে বই উৎসবের সূচনা করেন। জেলার প্রাথমিকের বই উৎসব করা হয় চৌগাছা উপজেলার সিংহঝুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। জেলা প্রশাসক সেখানেও যোগ দেন।
এদিকে সাতক্ষীরা জেলা শিক্ষা বিভাগের আয়োজনে বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বই বিতরণ করা হয়। তবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা বই পায়নি। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ফরিদপুর শহরের চুনাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকালে বই বিতরণ করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দীনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে।