নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনায় গতকাল রোববার দেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। বছরের শুরুর দিনই পাঠ্যবই হাতে পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণে তারা হয়ে ওঠে মাতোয়ারা।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সকাল সাড়ে আটটায় বরিশাল নগরের সাগরদী প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) হলরুমে প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস। একই সঙ্গে বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠ্যবই বিতরণ করা হয়।
সকাল সাড়ে নয়টায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিভাগীয় কমিশনার মো. গাউস। বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণ শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও অভিভাবকেরা।
সরেজমিনে দেখা যায়, সরকারি বালিকা বিদ্যালয়ে বই নিয়ে ছুটছে শিক্ষার্থী আদ্রিতা ইসলাম। আর উল্টেপাল্টে বই দেখছে ঐশী চক্রবর্তীসহ অনেক শিক্ষার্থী। সবার মুখে হাসির রেখা। কেউ আবার বাবা-মাকে নতুন বই দেখাচ্ছে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুনিয়ার রহমান বলে, ‘নতুন বছর। নতুন বই পেয়েছি। নতুন বইয়ের ঘ্রাণটা খুব ভালো লাগছে।’
পটুয়াখালীর বাউফল উপজেলায় উৎসবের উদ্বোধন করেন সরকারদলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ। উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন স্থানীয় পাবলিক মাঠে অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. আবদুল্লাহ আল মাহামুদ জামান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলি আহাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান প্রমুখ।
খুলনা জিলা স্কুলে গতকাল সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক টি এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পিরোজপুরে সকালে জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ শহরের করিমুন্নেছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা রমেশ চন্দ্র বিশ্বাস, করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মজিবুর রহমান প্রমুখ।
ফরিদপুর শহরের চুনাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকালে বই বিতরণ করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দীনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে।
সাতক্ষীরা জেলা শিক্ষা বিভাগের আয়োজনে বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বই বিতরণ করা হয়। তবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা বই পায়নি। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বই বিতরণ করেন সাতক্ষীরা সদরের সাংসদ মীর মোস্তাক আহমেদ। এ সময় বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোদাচ্ছেরুল হক এবং সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন।
আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সাতক্ষীরা জেলায় নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসা এবং কলেজিয়েট স্কুল মিলেয়ে ৫৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে বইয়ের চাহিদা ছিল ৩১ লাখ ৭৭ হাজার ৫০০। বই পাওয়া গেছে ২৭ লাখ ৬ হাজার ৯০৫টি। বিতরণ করা হয়েছে ২৬ লাখ ৩৮ হাজার ৪৩০টি।