নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিশুরা
রাজশাহীর চারঘাট উপজেলার জামিরা গ্রামের রাস্তার ওপর গোল হয়ে দাঁড়িয়ে একদল শিশু নতুন বই নিয়ে হইচই করছে। পাশেই আরও কয়েকজন নতুন বই খুলে ঘ্রাণ নিচ্ছে। বাঘার নওটিকা-আরিফপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে চারঘাট ও পবা উপজেলার পথে পথে গতকাল রোববার নতুন বই নিয়ে শিশুদের এই আনন্দ-উল্লাস দেখা গেছে।গতকাল সারা দেশের মতো রাজশাহীর বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলার সরকারি-বেসরকারি, বেসরকারি সংস্থা পরিচালিত ও কিন্ডারগার্টেন বিদ্যালয় মিলে দুই লাখ ৯১ হাজার ৫০৯ শিশুর হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তারা মাধ্যমিক পর্যায়ের ২০ লাখ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে। গতকাল রাজশাহী নগরের হেলেনাবাদ প্রাথমিক বিদ্যালয়-১-এ রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, জেলা প্রশাসক আবদুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) দেওয়ান মো. আবদুস সামাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নফিসা বেগমের উপস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ-কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল সকাল ১০টায় বাঘার নওটিকা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিশুরা বই নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। বই হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কে কোন দিকে দৌড় দিচ্ছে ঠিক নেই। এই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর বই পেয়ে শিক্ষার্থী লাবণ্য দিশেহারা। বই খুলে ছবি দেখছে, আবার নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুঁকছে। ওর চোখে চোখ পড়তেই ফিক করে হেসে দৌড় দেয়। চারঘাট উপজেলার বনকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বই নিয়ে বাড়ি ফেরার পথে মেতেছিল একই রকম আনন্দে। নতুন বই পেয়ে কেমন লাগছে, জানতে চাইলে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মৃত্তিকা খাতুন বলে, ‘খু-উ-ব ভালো। বইয়ের গন্দডাও ভালো।’ একই দৃশ্য দেখা যায় উপজেলার গোবিন্দপুর ও ইউসুফপুর এলাকায়।