নতুন বগি দিয়ে চিত্রা এক্সপ্রেসের যাত্রা শুরু
ভারত থেকে আমদানি করা নতুন বগি দিয়ে ঢাকা-খুলনা পথের আন্তনগর ট্রেন চিত্রা এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে খুলনায় এবং সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলস্টেশনে নতুন বগি দিয়ে চলা এই ট্রেনের যাত্রা উদ্বোধন করা হয়।
কমলাপুরে রেলমন্ত্রী মুজিবুল হক ও খুলনায় রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মিজানুর রহমান ট্রেনটির উদ্বোধন করেন। চিত্রা ট্রেনটি খুলনা থেকে সকাল সাড়ে আটটায় ছেড়ে আসে। একই ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায় সন্ধ্যা সাড়ে ছয়টায়। এত দিন ইন্দোনেশিয়ার তৈরি সাতটি বগি দিয়ে ট্রেনটি চলাচল করেছে। গতকাল থেকে ভারতের তৈরি নতুন ১২টি বগি দিয়ে যাত্রা শুরু করেছে।
রেলওয়ের কর্মকর্তারা বলেছেন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে ব্রডগেজ ও মিটারগেজ মিলে ২৭০টি বগি আমদানি করা হচ্ছে। ইতিমধ্যে দুই দেশ থেকেই অনেক বগি এসেছে। বিভিন্ন আন্তনগর ট্রেনের পুরোনো বগি বাদ দিয়ে এসব নতুন বগি সংযোজন করা হচ্ছে। আগামী ২ সেপ্টেম্বরও কয়েকটি ট্রেনে নতুন বগি সংযোজন করে তা উদ্বোধন করার কথা রয়েছে।
আমাদের খুলনা অফিস জানিয়েছে, নতুন আঙ্গিকে চালু হওয়া চিত্রা এক্সপ্রেসের যাত্রীদের অনেকেই গতকাল উচ্ছ্বাস প্রকাশ করেন। শেখ রাজ্জাক আলী নামের এক যাত্রী বলেন, ‘খুলনা থেকে ছেড়ে যাওয়া লাল-সবুজ ট্রেনের প্রথম দিনের যাত্রী হতে পেরে খুব ভালো লাগছে। খুলনায় আরও নতুন ট্রেন ও কোচ বাড়লে আনন্দ আরও বাড়বে।’