নতুন বছর, নতুন বই, তন্ময় শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের শুরুতে সারা দেশে গতকাল শুক্রবার আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে প্রশাসন। এ উপলক্ষে কোথাও শোভাযাত্রা, কোথাও বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিশুদের বরণ করার মধ্য দিয়ে পরিবেশকে করে তোলা হয় আরও উৎসবমুখর। নতুন বই হাতে পেয়ে শিশুরা ছিল আনন্দে উদ্বেল। আমাদের প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো সংবাদ:

পঞ্চগড়: এখানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। গতকাল সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এই বই বিতরণ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে বিদ্যালয়টি থেকে একটি অনন্দ শোভাযাত্রা বেরিয়ে শহরের শেরেবাংলা পার্ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক বিদ্যালয়ের ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।

অষ্টম শ্রেণির ছাত্রী বুশরা আলমী বলে, ‘নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে কি যে আনন্দ লাগছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’

জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার পাঁচটি উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৮৫ হাজার ১৮৮ জন শিক্ষার্থীর জন্য ১২ লাখ ১৬ হাজার ১৭৩টি, দাখিল পর্যায়ে ৩ হাজার ৮২৫ জন শিক্ষার্থীর জন্য ২ লাখ ৫ হাজার, ইবতেদায়ি পর্যায়ে ২ হাজার ৭৫৯ জন শিক্ষার্থীর জন্য ৯৬ হাজার ১৪০ এবং এসএসসি ভকেশনাল পর্যায়ে ১ হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ২১৯টি বই বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম: সকালে কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক এবং কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।

শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল জেলায় ৫১ লাখ ২৪ হাজার ৬৩৩টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে জেলার নয় উপজেলায় মাধ্যমিক শিক্ষা ও দাখিল মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৩২ লাখ ৪২ হাজার ৭৪৫টি এবং প্রাথমিক শিক্ষা পর্যায়ে ১৮ লাখ ৮১ হাজার ৮৮৮টি বই বিতরণ করা হয়। এ সংখ্যা শতভাগ চাহিদা পূরণ করেছে। বই বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা ভব শংকর রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, অধ্যক্ষ হারুন উর রশীদ, প্রধান শিক্ষক রুখসানা পারভীন প্রমুখ। তা ছাড়া একই সময় নয়টি উপজেলায় বই বিতরণ করা হয়।

রংপুর: গতকাল শুক্রবার। সরকারি ছুটির দিন। এরপরও শহরজুড়ে উৎসবের নগরী হয়ে ওঠে। রাস্তায় দেখা দেয় যানজট। একযোগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বই বিতরণ শুরু হওয়ায় এ অবস্থা তৈরি হয়।

সকাল নয়টায় শহরের জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারিভাবে বই বিতরণের উৎসব করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত।

সরেজমিনে সকাল সাড়ে নয়টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে গিয়ে দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। শিক্ষার্থীদের হাতে নতুন বই। মুখে হাসি।

নীলফামারী: জেলা শহরের হাড়োয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম শরিফুল ইসলাম প্রমুখ।

শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বলেন, জেলার ১ হাজার ৬৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ ৯০ হাজার শিক্ষার্থীর মাঝে বছরের শুরুতে ১৭ লাখ বই বিতরণ করা হয়েছে। একইভাবে জেলার জলঢাকা, ডিমলা, ডোমার, কিশোরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। জলঢাকায় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা। ডিমলা উপজেলায় উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আবতাব উদ্দীন সরকার।

গাইবান্ধা: এ জেলার ২ হাজার ৯২৭টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্যে বই বিতরণ করা হয়। সকালে গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুস সামাদ। এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া গতকাল জেলার ৬৩০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও নতুন বই বিতরণ করা হয়। এ উপলক্ষে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুস সামাদ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাহানা বানু প্রমুখ।

তারাগঞ্জ (রংপুর): তারাগঞ্জের বাজার এলাকার ব্যস্ত সড়ক। রিকশা-অটোরিকশার পাশ দিয়ে হাঁটছে ছোট্ট এক শিশু। পিঠে স্কুলব্যাগ। হাতে নতুন একখানা বই। বাজারের ব্যস্ততা তাকে বিন্দুমাত্র স্পর্শ করছে না। বইয়ের পাতা উল্টাতে ব্যস্ত সে।

শুধু এই শিশুটিই নয়, নতুন বই নিয়ে যেন গোটা উপজেলায় ছিল উৎসবের আমেজ। গতকাল সারা দেশের  মতো তারাগঞ্জেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও কিন্ডারগার্টেন মিলে ১১৫টি বিদ্যালয়ের জন্য ২ লাখ ৯০ হাজার ৬২০টি বই বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে গতকাল প্রথম দিন বিতরণ করা হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৩২০টি বই।

জগদীশপুর ও তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইকরচালী উচ্চবিদ্যালয়ে গতকাল সকালে বই বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ও ইউএনও জিলুফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মাহামুদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ রায় প্রমুখ।

গতকাল সকালে ইকরচালী ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বই নেওয়ার জন্য শিশুরা শীতের সকালে লাইন ধরে দাঁড়িয়ে আছে। সকাল ১০টার দিকে বই হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় হুড়োহুড়ি। বুকে বই জড়িয়ে ধরেই দে ছুট।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সারওয়ার মোর্শেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, পৌর মেয়র কশিরুল আলম, আখতারুল ইসলাম প্রমুখ।