নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়

খ্রিষ্টীয় নববর্ষকে স্বাগত জানাতে পটুয়াখালীর কুয়াকাটায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এসেছেন। এবার যাত্রাপথের ঝক্কি কমায় কুয়াকাটায় পর্যটকের সংখ্যা বেড়েছে। তবে পর্যটকেরা হোটেলের ভাড়া ও রেস্তোরাঁগুলোর খাবারের মান নিয়ে অভিযোগ তুলেছেন।
সরেজমিনে দেখা গেছে, সৈকতের জিরো পয়েন্ট, ইকো পার্ক, লেম্বুর চর, শুঁটকি পল্লি, রাখাইন মহিলা মার্কেট, ঝিনুক মার্কেটসহ আকর্ষণীয় জায়গায় পর্যটক ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রেস্তোরাঁ, আবাসিক হোটেল, চায়ের দোকানগুলো সরগরম।
খোঁজ নিয়ে জানা গেছে, কুয়াকাটার প্রায় ৫২টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে। ১৫ দিন আগেই থাকার এসব জায়গা ভাড়া হয়ে গেছে। নতুন বছরকে স্বাগত জানাতে অভিজাত হোটেলগুলোতে আলোকসজ্জা করা হয়েছে।
কুয়াকাটায় আসা পর্যটকেরা বলেছেন, কলাপাড়া-কুয়াকাটা সড়কে আগে তিন জায়গায় ফেরি পারাপার ছিল। আন্ধারমানিক নদ, সোনাতলা ও শিববাড়িয়া নদীর ফেরি পারাপার ছিল চরম ভোগান্তির। এ বছর তিনটি জায়গায় সেতু চালু হয়েছে। এ জন্য পর্যটক-দর্শনার্থীরা অন্য সময়ের চেয়ে বেশি এসেছে।
নড়াইলের রাশিদা আখতার বলেন, ‘আমরা পরিবারের ১৯ জন সদস্য নতুন বছরকে বরণ করতে কুয়াকাটায় চলে এসেছি। সাগরের সামনে দাঁড়িয়ে পুরোনোকে বিদায় জানালাম। মনে হচ্ছে আগামীর পথচলা আমাদের জন্য সুখকর হবে।’