নতুন বছরে শিশুদের হাতে নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বই পেয়ে খুশি যেন আর ধরছে না ওদের। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শিশু শিক্ষার্থীদের নতুন বই হাতে ছবিটি তুলেছেন হাসান রাজা
বই পেয়ে খুশি যেন আর ধরছে না ওদের। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শিশু শিক্ষার্থীদের নতুন বই হাতে ছবিটি তুলেছেন হাসান রাজা

মাঠজুড়ে হাজারো শিশুর সমাগম। সবার হাতে নতুন বই। আনন্দে উদ্বেলিত তারা। কখনো হর্ষধ্বনি দিয়ে উঠছিল। কখনো একসঙ্গে বই উঁচু করে দেখাচ্ছিল। কখনো হাতে থাকা জরি নাড়াচাড়া করছিল। এ যেন এক অন্য রকম উৎসব।
গতকাল রোববার নতুন বছরের প্রথম দিনে এমনই দৃশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এখানে প্রাথমিক স্তরের শিশুদের বিনা মূল্যের নতুন পাঠ্যপুস্তক বিতরণের উৎসব করা হয়। প্রায় একই দৃশ্য ছিল আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠে। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় পাঠ্যপুস্তক উৎসব।
শুধু এ দুই জায়গাতেই নয়, গতকাল সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেই ছিল এই আনন্দ আয়োজন। উৎসবে উৎসবে বছরের প্রথম দিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে বিনা মূল্যের নতুন বই। খালি হাতে বিদ্যালয়ে গিয়ে নতুন বই নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বর্ণিল ‘বই বিতরণ উৎসব’-এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় তিনি শৈশবে নতুন বই না পাওয়ার আক্ষেপের কথা বলেন। শিশুদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, নতুন বছরের প্রথম দিনেই বই তুলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, জ্ঞান আহরণ করতে হবে, শিক্ষা-দীক্ষা নিতে হবে, মানুষ হয়ে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, সারা দেশের প্রায় শতভাগ শিশু এখন বিদ্যালয়ে যায়।
এ সময় কয়েকজন সাংসদ ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাঁকজমকপূর্ণ এই উৎসবে অভিনেতা ফেরদৌস উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দেন। উৎসবে বইপড়া নিয়ে ‘সিসিমপুর’-এর একটি পর্ব দেখানো হয়। এ ছাড়া ছিল গান ও নৃত্য পরিবেশনা। ড্রোন দিয়ে অনুষ্ঠানটির ভিডিও করা হয়। উৎসবে অংশ নেওয়া ঢাকা মহানগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ উপভোগ করে। নবাবপুরের বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী বৃষ্টি বলছিল, নতুন বই পেয়ে তার খুব ভালো লাগছে। প্রায় একই ধরনের অনুভূতির কথা জানায় আরও কয়েকজন শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে রাজধানীর ৩১টি বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। সেখানেও নতুন বই হাতে পেয়ে তা উঁচিয়ে ধরে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষামন্ত্রী নিজেও মাঠে গিয়ে শিশুদের সঙ্গে আনন্দ উৎসবে যোগ দেন।

বই উৎ​সব : নতুন বই পেয়ে আর দেরি করল না দুই শিশু। তাদের চোখেমুখে কখনো আনন্দ কখনো বিস্ময়। বছরের প্রথম দিনে দেশজুড়ে বই নিয়ে মেতেছিল শিশুরা। ছবিটি গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল থেকে তোলা l সৌরভ দাশ
বই উৎ​সব : নতুন বই পেয়ে আর দেরি করল না দুই শিশু। তাদের চোখেমুখে কখনো আনন্দ কখনো বিস্ময়। বছরের প্রথম দিনে দেশজুড়ে বই নিয়ে মেতেছিল শিশুরা। ছবিটি গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল থেকে তোলা l সৌরভ দাশ

মন্ত্রীর হাত থেকে বই পেয়ে শিশুরাও যারপরনাই খুশি। গভ. ল্যাবরেটরি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আবরার ফাইয়াজ প্রথম আলোকে বলছিল, নতুন বই পেয়ে তার খুব ভালো লাগছে।
উৎসবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন বছরের নতুন দিনে এই বই শিক্ষার্থীদের জন্য উপহারস্বরূপ। আগে তিন মাসেও শিশুরা বই হাতে পেত না, অনেকেই ঝরে পড়ত। এখন বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা বই পেয়ে খুশি হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তৃতা করেন।
সারা দেশ থেকে আনন্দ আয়োজনে বই দেওয়ার খবর পাঠিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা। তবে গতকাল কোথাও কোথাও সব বই না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর এ কে স্কুল অ্যান্ড কলেজে পড়ুয়া এক ছাত্রের বাবা প্রথম আলোকে বলেন, প্রথম দিনে অর্ধেক বই দেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের জন্য মোট ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি পাঠ্যবই ছাপা হয়েছে। প্রথমবারের মতো পাঁচটি ক্ষুদ্র জাতিসত্তার প্রাক্-প্রাথমিক স্তরের শিশুদের জন্য তাদের মাতৃভাষায় বই ছাপানো হয়েছে। একইভাবে প্রথমবারের মতো প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ব্রেইল বই ছাপানো হয়েছে।