নতুন বাজার থেকে রামপুরা সেতু, যানজট ও ময়লায় ভরা
যত্রতত্র যাত্রী ওঠা–নামা, ভাঙা সড়কে নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত থেমে থেমে যানজট চলছেই। সঙ্গে আছে সড়কের দুপাশে ময়লার দুর্গন্ধ।
নতুন বাজার বাসস্ট্যান্ডে চারদিক থেকেই যানবাহনের চাপ। খিলক্ষেত ও রামপুরামুখী বাস ও মিনিবাসগুলো সড়কের মধ্যেই দাঁড়িয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দেখা যায়, একটি মিনিবাস সড়কের মাঝে দাঁড়িয়ে যাত্রী তুলছে। অন্য সড়কগুলোতে তখন সিগন্যাল চলছিল। কিন্তু বাসস্ট্যান্ডটি একটু সামনেই। অন্যান্য বাসেরও একই অবস্থা। কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ বলেন, তাঁরা দেখলে দাঁড়াতে দেন না। মামলাও হয়।
নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত যেতে প্রগতি সরণির বিভিন্ন জায়গা ভাঙা। উত্তর বাড্ডা বাসস্ট্যান্ড অংশে সড়কের অবস্থা বেশি খারাপ। শামসুল হক নামের এক দোকানি বলেন, ‘এখানে গাড়িতে উঠলে অনেক ঝাঁকুনি খাইতে হয়।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৩–এর নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান শরীফ বলেন, নতুন বাজারে এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফরমেশন স্টেশন) বসানো হলেও বাড্ডার অংশে এখনো জায়গা পাওয়া যায়নি। তাই সড়কে ময়লা ফেলা হচ্ছে।