নতুন বাজার সৃষ্টির তাগাদা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

বাণিজ্যের প্রসার বাড়াতে দেশের ভেতরে ও বাইরে নতুন নতুন বাজার সৃষ্টি করতে তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘রপ্তানি বাড়াতে গোটা বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের মানুষের চাহিদা খোঁজ করে সে অনুযায়ী নতুন বাজার সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন আঞ্চলিক জোটগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে।’

বাণিজ্যের দ্বার যত উন্মুক্ত হবে, তত দেশের জন্য লাভ—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভারতের সঙ্গে বর্ডার হাট চালুর সুফল পাচ্ছি। এটি আরও সম্প্রসারণ করতে হবে। মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। সেখানেও বর্ডার হাট চালু করা যেতে পারে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘মুক্তবাজার অর্থনীতির কথা বলবেন, আবার নিজের বাজারে শুল্কমুক্ত পণ্য প্রবেশ করতে দেবেন না, কেন এ দ্বৈত নীতি?’

শেখ হাসিনা বলেন, ‘ব্রাজিল থেকে হালাল মাংস কেনে সৌদি আরব। আমাদেরও বিশাল চর আছে। আমরা এগুলোকে আমিষ জাতীয় খাদ্য উত্পাদনে ব্যবহার করতে পারি। আমরা বিশাল সমুদ্রসীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছি। এ সমুদ্রসীমা পেয়ে আমরা মাছের আড়ত পেয়েছি। এখান থেকে দ্রুত মাছ শিকার করার ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, মানুষের শরীরের জন্য ক্ষতিকর, এমন কিছু যাতে কেউ খাদ্যপণ্যে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে কঠোর হতে হবে। খাদ্যপণ্যে ভেজালের বিরুদ্ধে অভিযানের পরিসর আরও বাড়াতে হবে। ভেজালবিরোধী অভিযান অব্যাহত আছে। এটি অব্যাহত থাকতে হবে।

প্রধানমন্ত্রী ভোক্তা অধিকার সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।