
দেশের রপ্তানি খাত সমৃদ্ধ করার জন্য ব্যবসায়ীদের নতুন বাজার খুঁজে বের করার পাশাপাশি পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা নতুন নতুন বাজার খুঁজে বেড়ান। কোন দেশে কোন পণ্যের চাহিদা, সেটা বিশ্লেষণ করে বাজার খোঁজ করুন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে। কিন্তু বাজার খোঁজার উদ্যোগটা আপনাদেরই নিতে হবে।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল রোববার জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
শেখ হাসিনা বলেন, ‘ব্যবসায়ীরা ব্যবসা করবেন। সরকার এখানে ব্যবসা করতে আসেনি। আমরা সব ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়ে ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির মাধ্যমে দেশের আর্থসামাজিক অবস্থার যেন দ্রুত উন্নতি হয়, সে লক্ষ্যে কাজ করছি।’
সীমিত পণ্যের ওপর দেশের রপ্তানিনির্ভরতা দেশের রপ্তানি বাণিজ্যের অন্যতম দুর্বলতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রপ্তানি বাণিজ্যের এ সমস্যা দূর করার জন্য আমরা পণ্যের তালিকায় নতুন নতুন পণ্য সংযোজন এবং কম অবদান রাখছে এমন পণ্য রপ্তানি বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী এ সময় সরকারের ব্যবসাবান্ধব নীতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘২০৩০ সালের মধ্যে আমরা সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যে ১০টির কাজ এগিয়ে চলেছে।’
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পণ্য ও বাজার বহুমুখী করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অধিক মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে এবং দেশজ কাঁচামালনির্ভর রপ্তানি পণ্য উৎপাদনে আপনাদের মনোনিবেশ করার অনুরোধ জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি বাণিজ্য বিকাশে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা পর্যায়ে ১১৩টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করেন। ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরের জন্য সর্বমোট ৫২টি স্বর্ণ, ৩৭টি রৌপ্য এবং ২৪টি ব্রোঞ্জ ট্রফি ও সনদ দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা বক্তব্য দেন।