রাষ্ট্রপতি আবদুল হামিদ কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন নতুন বাণিজ্যিক ধারণা উদ্ভাবনের জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধিদল সংগঠনের সভাপতি এম সবুর খানের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান। খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতায় পরিবর্তন আনতে হবে। কেননা, স্বকর্মসংস্থানে জড়িত হওয়ারও সুযোগ রয়েছে।’
বৈঠককালে ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান ‘পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে রাষ্ট্রপতিকে জানান, ডিসিসিআই বাংলাদেশি নাগরিক, বিশেষ করে যুব ও নারীদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের মাধ্যমে সাতটি সুনির্দিষ্ট খাতে দুই হাজার উদ্যোক্তা সৃষ্টির জন্য কাজ করছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ডিসিসিআইয়ের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘আপনাদের নতুন উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ দেশের উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে সহায়ক হবে।’