নতুন বাস কেনা ও গ্রন্থাগার রাত পর্যন্ত চালু রাখার দাবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন বাস কেনা, দুই ধাপে বাস চলাচল ও কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বইসহ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখার দাবিতে ছাত্র সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশে দ্বিতীয় অবস্থানে আছে। কিন্তু সংকটের দিক দিয়ে প্রথম স্থানে আছে এই বিশ্ববিদ্যালয়। কারণ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার ১১ বছর পর একজন শিক্ষার্থীরও আবাসনের কোনো ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট আছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। অথচ প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহন বাবদ টাকা আদায় করা হলেও নতুন বাস কেনা হচ্ছে না। এখন মাত্র ৭ ভাগ শিক্ষার্থী পরিবহন সুবিধা পাচ্ছেন। বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই নেই। ফলে প্রায় ৯৯ ভাগ শিক্ষার্থীই গ্রন্থাগারের সুবিধা পাচ্ছেন না। তাই অবিলম্বে গ্রন্থাগারে পর্যাপ্ত বই দিতে হবে। পাশাপাশি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত গ্রন্থাগার চালু রাখতে হবে।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি কৃষ্ণ বর্মণের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রাব্বীর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কিশোর কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন।