নতুন বাস চালুর দাবিতে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-সিলেট সড়কে নতুন বাস চালু ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরে পদযাত্রা হয়েছে। ‘সুনামকণ্ঠ পাঠক ফোরাম’ এই কর্মসূচির আয়োজন করে।
দুপুর ১২টায় পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়েজখালী এলাকার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
পদযাত্রা শেষে আয়োজক সংগঠনের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সাবেক পৌর কাউন্সিলর আরতি তালুকদার, নাট্যকর্মী সামিনা চৌধুরী, শিক্ষার্থী মোমেন তালুকদার, আবু তালহা, রবিন আহমেদ, শুভজিৎ সেন আপন প্রমুখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ-সিলেট সড়কে সরকার গত তিন বছরে ১২টি নতুন সেতু নির্মাণ করেছে। সড়ক উন্নয়নেরও একটি নতুন প্রকল্পও নেওয়া হয়েছে। কিন্তু এই সড়কে যুগ যুগ ধরে চলছে লক্কড়-ঝক্কড় বাস। বাসে ঠিকমতো বসা যায় না। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। ২০ থেকে ৩০ বছরের পুরোনো বাস চলছে। এর সঙ্গে রয়েছে যাত্রী হয়রানি। বাসের মালিক ও শ্রমিকদের কাছে জেলার মানুষ জিম্মি হয়ে আছে। ভাড়াও বেশি নেওয়া হচ্ছে। পাশাপাশি বাসের শ্রমিকেরা যাত্রীদের হয়রানি করছেন।