নতুন বাস টার্মিনাল নিয়ে ভোগান্তি
রাজশাহীতে নতুন বাস টার্মিনালের যথাযথ ব্যবহার না হওয়ায় যাত্রী ও নগরবাসী ভোগান্তির মধ্যে পড়েছে। এতে ঢাকাগামী যাত্রীদের অতিরিক্ত ৪০ মিনিট সময় অপচয় হচ্ছে।এর আগে রাজশাহী রেলস্টেশনের পাশে শিরোইল বাস টার্মিনাল থেকে সব গাড়ি ছেড়ে যেত। এতে নগরের ভেতরে ব্যাপক যানজটের সৃষ্টি হতো। এই জট নিরসনের জন্য প্রায় ছয় কিলোমিটার দূরে নগরের উত্তর দিকে নওদাপাড়া এলাকায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সাত কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণ করে। ২০০৪ সালেই এটির নির্মাণকাজ শেষ হলেও শ্রমিক সংগঠনগুলো সেখানে যায়নি।গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান নতুন টার্মিনাল উদ্বোধন করেন। শ্রমিক ইউনিয়নগুলো মেয়রের সঙ্গে বসে একটি সিদ্ধান্ত নেয় যে যাত্রীদের সুবিধার জন্য ঢাকাগামী ভোরের গাড়িগুলো পুরোনো টার্মিনালের পাশ থেকেই ছেড়ে যাবে এবং রাতের ফেরত গাড়িগুলো পুরোনো টার্মিনালেই যাত্রী নামাবে। কিন্তু টার্মিনালের উদ্বোধনের পর আর সেই নিয়ম মানা হচ্ছে না। রাজশাহী থেকে ঢাকাগামী সব গাড়িই আগের জায়গা থেকেই ছেড়ে নগরের রেলগেট হয়ে নতুন টার্মিনালে হাজিরা দিতে যাচ্ছে। সেখান থেকে বাইপাস সড়ক ধরে সোজা ঢাকার দিকে না গিয়ে তারা আবার নগরের পদ্মা আবাসিক এলাকা হয়ে ভদ্রার মোড় দিয়ে নগরের তালাইমারী-কাজলা-বিনোদপুর হয়ে ঢাকায় যাচ্ছে।আর নওগাঁগামী রাজশাহীর মালিকদের গাড়িগুলো নতুন বাস টার্মিনাল থেকে ছেড়ে পদ্মা আবাসিক এলাকা হয়ে আবার পুরাতন বাস টার্মিনাল-রেলগেট হয়ে নওগাঁয় যাচ্ছে। এতে নগরে নতুন যানজটের সৃষ্টি হচ্ছে এবং যাত্রীদের সময়ের অপচয় হচ্ছে। গত রোববার বিকেলে শ্যামলী পরিবহনের একজন যাত্রী সাদরুল হক পুরোনো বাস টার্মিনাল এলাকায় শ্যামলীর কাউন্টারে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, তাঁর গাড়ি বিকেল সাড়ে চারটায় এখান থেকে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু নতুন টার্মিনাল হয়ে সেই গাড়ি বিকেল পৌনে পাঁচটায়ও এসে পৌঁছায়নি। গাড়ির লোকজন বলছেন যে আরও দেরি হবে। তিনি বলেন, এই গাড়ি এখান থেকে ছেড়ে আবার ছয় কিলোমিটার দূরে নতুন টার্মিনালে যাবে। পদ্মা আবাসিক হয়ে আবার ঘুরে আসবে। তাতে আরও ৪০ মিনিট সময় বেশি লাগবে।দূরপাল্লার বাস-কোচ বুকিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান বলেন, নতুন টার্মিনালে কাউন্টার নেই। টার্মিনালটি এখনো ধু ধু মাঠ। সেখানে অনেক কাজ বাকি রয়েছে। সেখানে যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা নেই।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন বলেন, নতুন বাস টার্মিনাল থেকে গাড়ি ছেড়ে বাইপাস সড়ক হয়ে সোজা ঢাকায় রওনা দিলে মালিকদের ব্যবসার ক্ষতি হবে। তাই তাঁরা গাড়িগুলো পুরোনো বাস টার্মিনাল হয়ে নিতে চাইছেন। তিনি বলেন, ১০ মিনিটের যাত্রাবিরতিতে বেশি যানজনট হবে না। আরডিএর অথরাইজড কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এখন থেকে ছয় বছর আগে নওদাপাড়ায় বাস টামির্নাল নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। এখানে যাত্রীদের জন্য লাউঞ্জ, বাসের জন্য কাউন্টার—সবকিছু মানসম্মত করে তৈরি করা হয়েছে। টার্মিনালটি ব্যবহার করা হলে সেখান থেকে আয় হতো এবং টুকিটাকি কাজগুলো করে দেওয়া যেত।