চট্টগ্রাম মহানগরের গণপরিবহনে চাঁদাবাজি বেড়ে যাওয়ায় পরিবহনব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খোদ পুলিশ প্রশাসন পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছে। চাঁদাবাজদের প্রভাবের কারণে চালু করেও টিকিয়ে রাখা যায়নি কাউন্টার-ভিত্তিক বাস সার্ভিস। চাঁদাবাজির কারণে নগরে নতুন বাস নামছে না। নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগের টাকা উঠে আসবে না বলে মালিকেরা নতুন বাস নামাতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৪ মাসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন কোনো বাস বা মিনিবাসের অনুমোদন দেয়নি। ফলে নগরের গণপরিবহনে গাড়ির সংকটও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরের একটি যাত্রীবাহী বাস থেকে মালিক ও শ্রমিক ইউনিয়নের নামে দৈনিক ১০০ থেকে ২৫০ টাকা হারে চাঁদা নেওয়া হয়। নগরের যাত্রীবাহী বাসের সংখ্যা ৮৭৭টি, যার মধ্যে গড়ে প্রতিদিন সাত শতাধিক বাস চলাচল করে। অন্য বাসগুলো মেরামতের জন্য গ্যারেজে থাকে কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে চলাচল বন্ধ রাখা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, চাঁদাবাজদের কাছে মালিকেরা জিম্মি হয়ে পড়েছেন। তিনি বলেন, মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন কল্যাণ তহবিলের নামে চাঁদা তোলা হয়। ফারুক আহমেদ বলেন, ‘একজন শ্রমিক নেতা আছেন, যাঁকে প্রতিটি বাস থেকে দৈনিক ২০ টাকা হারে চাঁদা দিতে হয়। এই শ্রমিক নেতার কাছে মালিক সমিতিও জিম্মি, যে কারণে আমরা কাউন্টার-ভিত্তিক বাস সার্ভিস ব্যবস্থা টিকিয়ে রাখতে পারিনি।’ উপকমিশনার আরও বলেন, ‘কাউন্টার-ভিত্তিক বাস চলাচলের মাধ্যমে শ্রমিকদের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব ছিল। এতে শ্রমিকেরা মালিকের কাছ থেকে দিন শেষে মজুরি পেতেন। এখন হয়ে গেছে উল্টো। এখন দিন শেষে শ্রমিকের কাছ থেকে আয়ের টাকা পাওয়ার জন্য মালিকদের অপেক্ষায় থাকতে হয়।’ বাসমালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরের ১১টি রুটে যাত্রীবাহী বাস চলাচল করছে। প্রতিটি রুটে চাঁদার হার ও নিয়মকানুনও ভিন্ন। তবে সমিতিগুলো নিজস্ব কার্যালয়ের ভাড়া, লাইনম্যানের মজুরি, সার্ভিস চার্জ ও প্রশাসনিক খরচের জন্য চাঁদা ওঠায় বলে মালিক সমিতির একজন নেতা জানান। চট্টগ্রামে মালিকদের সংগঠন রয়েছে সাতটি। একইভাবে পরিবহন শ্রমিকদেরও আছে একাধিক সংগঠন। যোগাযোগ করা হলে মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির মহাসচিব বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘চাঁদা না তুললে সমিতি চলবে কীভাবে? প্রশাসনিক খাতে আমাদের অনেক টাকা খরচ করতে হয়।’ প্রশাসনিক খরচ কী জানতে চাইলে বেলায়েত বলেন, ‘পুলিশের সার্জেন্টরাও আমাদের কাছ থেকে ভাগ পায়। সার্জেন্টদের জন্য বরাদ্দ করা অর্থ প্রশাসনিক খরচ হিসেবে আমরা ধরে নিয়েছি। নইলে রাস্তায় বাস চলাচল করতে পারবে না।’ চট্টগ্রাম বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার শ্রমিক ইউনিয়নের নামে দৈনিক প্রতিটি গাড়ি থেকে ২০ টাকা করে চাঁদা পাই। মালিক সমিতি প্রতিটি গাড়ি থেকে ২৫০ টাকা করে চাঁদা তুলে আমাদের ২০ টাকা করে দেয়। আমরা পরিবহন শ্রমিকদের কল্যাণের জন্য ওই টাকা খরচ করি।’ নগরের তিন নম্বর রুটের একজন বাসমালিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সমিতির নামে আমার কাছ থেকে প্রতিদিন ১৬০ টাকা করে চাঁদা নেওয়া হয়। এর মধ্যে জ্বালানি তেলের দাম বেড়েছে। খরচও বেড়েছে। এতে আয় কমে গেছে।’ এদিকে চাঁদাবাজির কারণে চাহিদার তুলনায় নতুন বাস যুক্ত হচ্ছে খুব কম। অথচ নগরের লোকসংখ্যা বাড়ছে। পুরোনো গাড়িগুলো অকার্যকর হলে গণপরিবহনে গাড়ির সংকট আরও প্রকট হবে বলে মালিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেন। আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আহমেদ বলেন, বিনিয়োগের অনুপাতে মালিকেরা আয় পাচ্ছেন না। গাড়ির যন্ত্রাংশের দাম বেড়ে গেছে। জ্বালানি তেলের দামও বাড়ছে। শ্রমিকেরাও আয়ের একটি বড় অংশ নিয়ে যাচ্ছেন। বাকি যা থাকে তা মালিক পান। ওই আয়ের একটি বড় অংশ গাড়ি মেরামত ও যন্ত্রাংশ বাবদ খরচ হচ্ছে। এ কারণে মালিকেরা নতুন গাড়ি রাস্তায় নামাতে আগ্রহ হারিয়ে ফেলেছেন।