নতুন বাস্তবতা, নতুন থিয়েটার
থিয়েটার শান্তির দূত। মানুষের মনে ভালোবাসা তৈরির মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় থিয়েটার নীরবে কাজ করে চলে। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। এটি উৎসবের দশম আসর।‘নতুন বাস্তবতা, নতুন থিয়েটার’ স্লোগানে শুরু হওয়া এ উৎসবে নাটক প্রদর্শনী ছাড়াও থাকছে নৃত্যনাট্য, নাটক বিষয়ে একাধিক সেমিনার ও কর্মশালা। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট—আইটিআই ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আন্তর্জাতিক এই উৎসবের আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আইটিআই বাংলাদেশের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইটিআইয়ের বিশ্ব মহাসচিব তোবিয়ান বিয়াংকোনি, সহসভাপতি আলী মাহাদী, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। উদ্বোধনের পর গতকাল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নৃত্যনন্দন পরিবেশন করে নৃত্যনাট্য সমুদ্রে স্বপ্ন। এ ছাড়া স্টুডিও থিয়েটারে সুবচন নাট্যসংসদ মঞ্চস্থ করে নাটক ষড়ভুজ। আয়োজকেরা জানান, এবারের নাট্যোৎসবে দেশি-বিদেশি ২২টি দল অংশ নিচ্ছে। মঞ্চস্থ হবে ২০টি নাটক। আজ শুক্রবার বিভিন্ন দেশে থিয়েটারের সমস্যা ও সমাধানের উপায় এবং সম্ভাবনা নিয়ে দিনব্যাপী সেমিনার হবে। এ আয়োজনে যোগ দিয়েছেন ভারত, ফ্রান্স, কোরিয়া, চীন, বেলজিয়াম, সুইডেন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, জাপান, ফিলিপাইন, রাশিয়াসহ মোট ১৭ দেশের প্রতিনিধি। ভারতের মণিরথ গ্রুপ থিয়েটার ও সিঙ্গাপুরের চায়নিজ অপেরা ইনস্টিটিউট নাটক পরিবেশন করবে। বাংলাদেশের ঢাকা থিয়েটার, আরণ্যক, দেশ নাটক, ঢাকা পদাতিক, পালাকার, সময়, থিয়েটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, সেন্টার ফর এশিয়ান থিয়েটার, প্রাচ্যনাট, চট্টগ্রামের তির্যক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, নাট্যকেন্দ্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও নাগরিক নাট্যসম্প্রদায় নাটক পরিবেশন করবে। নৃত্য পরিবেশন করবে নৃত্যধারা। জ্যোৎস্না বিশ্বাসের পরিচালনায় চারণিক যাত্রাসমাজ মঞ্চস্থ করবে যাত্রাপালা। নাট্যোৎসব চলবে ২১ এপ্রিল পর্যন্ত।সৃজনে ও শেকড়েদেশে শিল্পকলার চর্চা ও বিকাশে বিশেষ ভূমিকা রেখে চলেছে বেঙ্গল গ্যালারি। গত বুধবার পয়লা বৈশাখে ছিল বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম বর্ষপূর্তি। এই উপলক্ষে বছরব্যাপী উৎসব কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহযোগিতায় আজ শুক্রবার দশজন শিল্পীর ‘সৃজনে ও শেকড়ে’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। সন্ধ্যায় পক্ষকালব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।