নতুন বাড়িতে ভক্তদের ভিড়ে মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফির নতুন বাড়ির সামনে ভক্তদের আনাগোনা। ছবি: কার্ত্তিক দাস
মাশরাফির নতুন বাড়ির সামনে ভক্তদের আনাগোনা। ছবি: কার্ত্তিক দাস

প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত শত শত ভক্ত তাঁর বাড়ির সামনে ভিড় করছেন। কেউ তাঁর সঙ্গে তুলতে চান সেলফি। আবার অনেকের আবদার অটোগ্রাফের। কাউকেই খালি হাতে ফেরাননি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। হাসিমুখে ভক্ত-অনুরাগীদের সময় দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ শহর নড়াইলে আসেন ম্যাশ। সেখানে নতুন বাড়ি করেছেন তিনি। ঈদের দিন থেকেই সেই বাড়ির সামনে মাশরাফির ভক্তদের আনাগোনা শুরু হয়েছে। আজ সোমবারও তার ব্যতিক্রম হয়নি। অনেকে আবার রাতও কাটাচ্ছেন ম্যাশের বাড়িতে!

নরসিংদী থেকে মাশরাফির সঙ্গে দেখা করতে এসেছেন সাইফুল ইসলাম নামের এক কলেজছাত্র। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঈদ করেই আমরা তিন বন্ধু প্রিয় মানুষটার সঙ্গে দেখা করতে নড়াইলে চলে এসেছি। তিনি আমাদের সাথে ছবি তুলেছেন, অটোগ্রাফ দিয়েছেন। রাতে তাঁর নতুন বাড়িতে থেকেছি আমরা। তাঁর মা-বাবা অত্যন্ত ভালো মনের মানুষ। এমন পরিবারের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’

মাদারীপুরের শিবচর থেকে এসেছেন সালমা রহমান ও তাঁর স্বামী ইব্রাহিম শেখ। সালমা বলেন, মাশরাফির সঙ্গে নিজের ছবি তোলা তাঁর অনেক দিনের ইচ্ছে ছিল। এবার তা পূরণ হলো।

মাশরাফি বিন মুর্তজার মামা নাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দেশের বিভিন্ন জেলা থেকে মাশরাফির সঙ্গে দেখা করার জন্য তাঁর ভক্তরা ভোররাত থেকেই বাড়ির সামনে জড়ো হচ্ছেন। গভীর রাত পর্যন্ত সে ভক্তদের সময় দিচ্ছে। আমার ভাগনের ধৈর্য অনেক। এমন একজনের মামা হতে পেরে আমি গর্ববোধ করি।’

মাশরাফির বাবা গোলাম মুর্তজা ও মা হামিদা মুর্তজা মনে করেন, মাশরাফির ওপর পুরো দেশবাসীরই অধিকার আছে। গোলাম মুর্তজা বলেন, ‘মাশরাফি শুধু আমাদের সন্তান নয়, ও ১৬ কোটি বাঙালির সন্তান।’ তাঁরা মাশরাফির জন্য দেশবাসীর কাছে দোয়া চান।