নতুন বিদ্যুৎ-সংযোগ সহজ করার দাবি রিহ্যাবের
আবাসিক গ্রাহকদের নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রক্রিয়া সহজ ও শর্তহীন করার দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন ‘রিহ্যাব’। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের নেতারা এই দাবি জানান।
সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎকালে রিহ্যাবের নেতারা বলেন, বিদ্যুৎ-সংযোগের শর্ত হিসেবে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন একেবারেই অকার্যকর। এতে গ্রাহকের অর্থ ব্যয় ছাড়া আর তেমন কোনো কাজ হয় না।
এ ছাড়া, নতুন কোনো আবাসিক এলাকায় বিদ্যুৎ-সংযোগ নেওয়ার লিখিত আবেদন করার পরবর্তী তিন মাসের মধ্যে সংযোগ নেওয়ার শর্ত রয়েছে। কিন্তু বাস্তবে হয়তো সেখানে সংযোগ নেওয়া হয় তিন বছর পর।
রিহ্যাব নেতাদের বক্তব্য শোনার পর প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিষয়গুলো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি নিয়ে বিগত মহাজোট সরকার ক্ষমতায় বসে। ফলে পরিস্থিতি সামাল দিতে সরকার ২০১০ সালের এপ্রিল থেকে তিন মাসের জন্য নতুন বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেয়। সরকার গত বছরের ৭ নভেম্বর থেকে শর্ত সাপেক্ষে পর্যায়ক্রমে নতুন সংযোগ চালু করে।