নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে, পুরোনোর ক্ষমতা কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি, বেসরকারি ও যৌথ অংশীদারত্বে (পিপিপি) নতুন নতুন বড় বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে। উৎপাদনক্ষমতাও বাড়ছে। কিন্তু পুরোনো কেন্দ্রগুলোর উৎপাদনক্ষমতা কমছে। ঘটছে বড় দুর্ঘটনাও। আছে লোডশেডিং, বিদ্যুৎবিভ্রাট।
সর্বোপরি অব্যাহত আছে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ঘাটতি।
২০০৯-১০ সাল থেকে বিদ্যুৎ উৎপাদনের সাফল্য এসেছে প্রধানত অল্প ক্ষমতার ভাড়াভিত্তিক, দ্রুত ভাড়াভিত্তিক ও পিকিং কেন্দ্রের (সর্বোচ্চ চাহিদার সময় চালানোর জন্য স্থাপিত) মাধ্যমে। এখন সরকারের মধ্যমেয়াদি পরিকল্পনার ফল আসতে শুরু করেছে। সরকারি-বেসরকারি ও পিপিপির মাধ্যমে স্থাপিত মাঝারি ও বড় আকারের (বেইজ লোড) কেন্দ্রগুলো চালু হতে শুরু করেছে।
বড় কেন্দ্রে সামিটের সাফল্য: বিদ্যুৎ উৎপাদনে দেশের বেসরকারি খাতের শীর্ষ কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড দুটি বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিশেষ সাফল্য পেয়েছে। এর একটি দ্বৈত জ্বালানিভিত্তিক (গ্যাস অথবা ডিজেল) ৩৩৫ মেগাওয়াট ক্ষমতার মেঘনা ঘাট কেন্দ্র পূর্ণ ক্ষমতায় উৎপাদন শুরু করেছে। তবে গ্যাস–সংযোগ সম্পন্ন না হওয়ায় কেন্দ্রটি এখন ডিজেলে চলছে।
সামিটের অন্য বড় কেন্দ্রটি হচ্ছে গ্যাসভিত্তিক ৩৪৪ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-২। এটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এর আগে দেশের কোনো প্রতিষ্ঠান এত বড় বিদ্যুৎকেন্দ্র করেনি।
সামিটের পরিচালক (অর্থ) আয়েশা আজিজ খান গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘ স্বপ্নযাত্রার মধ্য দিয়ে বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে তাঁদের এই সাফল্য এসেছে। এই কেন্দ্র দুটি স্থাপনে ৬০ কোটি মার্কিন ডলার ঋণ-সহায়তা পেয়েছেন বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আইএফসি, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন সংস্থা থেকে।
কারওয়ান বাজারের সামিট সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়েশা বলেন, তাঁদের পরবর্তী পদক্ষেপ হবে এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়নের জন্য যে বিনিয়োগ (ইকুইটি) দরকার, তা দেশের ভেতর থেকে সংগ্রহ করা। আর দীর্ঘমেয়াদি লক্ষ্য, দেশের মোট চাহিদার ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন এবং দেশের বাইরে বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অংশ নেওয়া।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়েশা আজিজ খান বলেন, সামিট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনেও আগ্রহী। সে লক্ষ্যে তাঁরা প্রাথমিক কাজও শুরু করেছেন। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের টারবাইন বিভাগের প্রধান এ এন এম তারিকুর রশিদ ও প্রধান আইন কর্মকর্তা কারিশমা জাহানও বক্তব্য দেন।
আশুগঞ্জে প্রথম পিপিপি: পিপিপি খাতে দেশের প্রথম বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে আশুগঞ্জে। সরকারি খাতের আশুগঞ্জ পাওয়ার কোম্পানি ও বেসরকারি খাতের ইউনাইটেড গ্রুপের সমন্বয়ে গঠিত ‘ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড’ এই কেন্দ্রটি স্থাপন করেছে। ৭ মে চালু হওয়া ২০০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি দেশের প্রথম ‘মডুলার’ বিদ্যুৎকেন্দ্র।
জানতে চাইলে পিডিবির সাবেক চেয়ারম্যান এস এ মঈদ প্রথম আলোকে বলেন, মডুলার বিদ্যুৎকেন্দ্র ছোট ছোট ইঞ্জিনচালিত হয়। আশুগঞ্জ কেন্দ্রটিতে রয়েছে ২০টি আলাদা ইঞ্জিন। প্রতিটি ইঞ্জিনের সঙ্গে রয়েছে একটি করে বয়লার। বয়লারগুলো ইঞ্জিনের তাপ ধরে রেখে প্রায় ১৬ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ উৎপাদন করছে বাড়তি জ্বালানি ছাড়াই।
সিরাজগঞ্জে ‘পাওয়ার হাব’: সিরাজগঞ্জে মোট ১ হাজার ৭৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে একটি ‘পাওয়ার হাব’ গড়ে তুলছে সরকারি খাতের ‘নর্থ ওয়েস্ট জোন পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল)’। এর মধ্যে ২২৫ মেগাওয়াটের একটি কেন্দ্র ৮ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াটের আরও একটি এবং দ্বৈত জ্বালানিভিত্তিক ৪০০ মেগাওয়াটের একটি কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। এনডব্লিউপিজিসিএল এ ছাড়া পটুয়াখালীতে ১ হাজার ৩২০ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক এবং খুলনায় গ্যাসভিত্তিক একটি কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চালাচ্ছে। খুলনার কেন্দ্রটিতে গ্যাস আসবে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর এলাকায় সে দেশের একটি কোম্পানির স্থাপিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) থেকে। এই গ্যাস আনার জন্য দুই দেশের মধ্যে একটি পাইপলাইন স্থাপিত হবে।
জ্বালানি ঘাটতি ও লোডশেডিং: এসব অর্জনের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ঘাটতি অব্যাহত রয়েছে। পিডিবি সূত্র জানায়, এখনো গ্যাসের সরবরাহ-স্বল্পতার কারণে প্রায় ৪০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র চালানো যাচ্ছে না।
বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ৭ হাজার ৭১২ মেগাওয়াটে উন্নীত হলেও (৬ মে সন্ধ্যায়) গ্রামাঞ্চলে তো বটেই, ঢাকায়ও লোডশেডিং অব্যাহত আছে। কারণ, সরকারের হিসাব অনুযায়ী চলতি গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা সাড়ে আট হাজার মেগাওয়াটেরও বেশি। ঢাকায় লোডশেডিংয়ের পাশাপাশি আছে বিদ্যুৎবিভ্রাটও। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) এলাকায় লোডশেডিং ও বিভ্রাটের প্রকোপ এতটাই বেশি যে এর কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলেছে বিদ্যুৎ মন্ত্রণালয়।
গ্রামাঞ্চলে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম। এ ছাড়া বিতরণ লাইন ও উপকেন্দ্রের ক্ষমতা কম হওয়ায়ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
হরিপুরে দুর্ঘটনা: নারায়ণগঞ্জের হরিপুরে এক দুর্ঘটনায় ৪১২ মেগাওয়াটের নতুন একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। সরকারি খাতের ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) এই কেন্দ্রটির মালিক। গত সোমবার ঘটা ওই দুর্ঘটনায় কেন্দ্রটির প্রধান যন্ত্র—টারবাইন অকার্যকর হয়ে গেছে। জাপানি প্রযুক্তি ও অর্থসহায়তায় মাত্র বছর খানেক আগে কেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় চালু হয়েছিল।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র জানায়, দুর্ঘটনায় টারবাইনটিতে ফাটল ধরেছে ও ভেতরের ব্লেডগুলো ভেঙে গেছে। বাইরে থেকে শক্ত কোনো পদার্থ না ঢুকলে এমন হওয়ার কথা নয়। এখন টারবাইন পুনঃস্থাপন করা ছাড়া কেন্দ্রটি চালু করা যাবে না। টারবাইন পুনঃস্থাপন করা সময়সাপেক্ষ।
ইজিসিবির একটি সূত্র জানায়, কেন্দ্রটির নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মরুবেনী করপোরেশন। চুক্তি অনুযায়ী টারবাইনটি তারাই পুনঃস্থাপন করে দেবে। এ জন্য অন্তত চার মাস সময় লাগবে বলে তারা জানিয়েছে।