নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে পিডিবি ও আরপিসিএল চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) যৌথভাবে ১৫০ থেকে ২২৫ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। গতকাল রোববার সকালে মতিঝিলের ওয়াপদা ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তিটি সই হয়।পিডিবির সচিব আজিজুল ইসলাম ও আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সবুর নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান ভূঁইয়া সফিকুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আরপিসিএল আরইবির আওতাধীন একটি কোম্পানি। ময়মনসিংহের শম্ভুগঞ্জে এই কোম্পানির ২১০ মেগাওয়াট ক্ষমতার তিন ইউনিটের একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রে বর্তমানে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।দেশে বিদ্যুতের ঘাটতি মেটাতে দুটি সরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পদক্ষেপ এই প্রথম। এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য কোনো দাতা সংস্থার সহায়তা নিতে হবে না। পিডিবির জায়গা ও আরপিসিএলের টাকায় কেন্দ্রটি স্থাপিত হবে। কেন্দ্রটির জন্য প্রাথমিকভাবে গাজীপুরের কড্ডায় জায়গা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রটি তৈরি করা হবে দ্বৈত জ্বালানি (ডুয়েল ফুয়েল) গ্যাস ও ফার্নেস তেলভিত্তিক।