নতুন বিদ্যুৎ-সংযোগে আবার সৌর প্যানেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের নতুন সংযোগের জন্য সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন এক বছর পর আবারও বাধ্যতামূলক করা হচ্ছে। শিগগিরই এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই বাধ্যবাধকতা নিয়ে গ্রাহকদের অসন্তুষ্টি এবং তা তুলে নিতে সব শ্রেণির গ্রাহকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ১২ মে নতুন সংযোগ পাওয়ার ক্ষেত্রে এই বাধ্যবাধকতা তুলে দিয়েছিল সরকার।
নতুন সংযোগ দেওয়া বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর (ডিপিডিসি, ডেসকো, আরইবি, ওজোপাডিকো ও পিডিবি) সূত্র জানায়, সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন আবার বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়ায় প্রায় মাস খানেক নতুন সংযোগ দেওয়া সংখ্যায় কমিয়ে দেওয়া হয়েছে। আদেশ জারি হওয়ার পর আবার পূর্ণমাত্রায় সংযোগ দেওয়া শুরু হবে। জুন মাস থেকেই এই আদেশ কার্যকর হতে পারে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান প্রথম আলোকে বলেন, নতুন সংযোগের ক্ষেত্রে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের বিষয়টি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে তাঁদের মৌখিকভাবে জানানো হয়েছে। কয়েক দিনের মধ্যে লিখিত আদেশ আসার কথা।
২০০৯ সালের জানুয়ারিতে বিগত মহাজোট সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ ঘাটতি ছিল। পরিস্থিতি সামাল দিতে ২০১০ সালের এপ্রিলে তিন মাসের জন্য নতুন বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ওই বছরের ৩০ অক্টোবর পর্যন্ত নতুন সংযোগ বন্ধ রাখা হয়।

>সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের বিষয়টি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে তাঁদের মৌখিকভাবে জানানো হয়েছে। কয়েক দিনের মধ্যে লিখিত আদেশ আসার কথা-নজরুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, ডিপিডিসি সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী

এই সময়ের মধ্যে সরকার নতুন সংযোগের নীতিমালা তৈরি করে ওই বছরের ৭ নভেম্বর থেকে কয়েকটি শর্ত সাপেক্ষে পর্যায়ক্রমে নতুন সংযোগ চালু করে। শর্তগুলোর মধ্যে প্রধান ছিল প্রত্যেক গ্রাহককে তার চাহিদার একটি নির্দিষ্ট অংশ সৌরবিদ্যুৎ দিয়ে পূরণ করতে হবে। ফলে গ্রাহকেরা নতুন সংযোগ পাওয়ার জন্য বাধ্য হয়ে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করেছেন। তবে কার্যক্ষেত্রে গ্রাহক কিংবা সরকারের জন্য এই ব্যবস্থা কোনো সুফল দেয়নি।
ঢাকায় সৌরবিদ্যুতের প্যানেল বসিয়ে নতুন বিদ্যুৎ-সংযোগ পাওয়া গ্রাহকদের মধ্যে ২০১৩ সালে একটি সমীক্ষা চালান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও নবায়নযোগ্য জ্বালানি গবেষক শহিদুল ইসলাম খান। ওই সমীক্ষায় এ নিয়ে গ্রাহকদের অসন্তুষ্টি ও সৌরবিদ্যুতের প্যানেলের অকার্যকারিতার চিত্র ফুটে ওঠে।
ওই সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে গ্রাহকের কিছু দুর্ভোগ ও বাড়তি অর্থ ব্যয় হয়েছে। কিছু লোক নিম্নমানের প্যানেল বিক্রি করে বা ভাড়া দিয়ে দুর্নীতি করার সুযোগ পেয়েছেন। ফলে শহরাঞ্চলের মানুষের মধ্যে সৌরবিদ্যুৎ সম্পর্কে একটি নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে।
২০১৪ সালের জানুয়ারিতে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন গ্রাহক শ্রেণির পক্ষ থেকে, বিশেষ করে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের বিধান তুলে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাতে থাকে। প্রায় সব শ্রেণির গ্রাহকেরাই এই দাবির প্রতি সমর্থন দেন। সরকার তখন বিদ্যুৎ মন্ত্রণালয়ের নীতি সহায়তা সংস্থা ‘পাওয়ার সেল’কে করণীয় নির্ধারণের দায়িত্ব দেয়। এরপর পাওয়ার সেলের সুপারিশের ভিত্তিতে গত বছরের ১২ মে নতুন সংযোগের জন্য সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়। তখন বলা হয়, ‘তবে সুবিধাজনক মনে করলে কোনো গ্রাহক প্যানেল স্থাপন করতে পারেন। না হলে সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন তহবিলে কিছু অর্থ দিতে পারেন।’ এই দুটিই ছিল গ্রাহকের জন্য ঐচ্ছিক।
মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার মূলত দুটি কারণে এখন আবার সেই বিধান চালু করতে যাচ্ছে। এক, দেশের সর্বত্র সবাই বিদ্যুৎ-সংযোগ চায়। উৎপাদন বৃদ্ধি অব্যাহত থাকলেও এভাবে চাহিদা বৃদ্ধির লাগাম টানতে চায়। দুই, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন খাতাপত্রের হিসাবে হলেও কিছুটা ভূমিকা রাখবে।