রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ খোলার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগের শিক্ষার্থীরা।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় প্রকৌশল অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং নামে আরও একটি আলাদা বিভাগ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপিইই ও ইইই—এ দুটি বিভাগের পড়ালেখা একই রকম। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এ দুটি বিষয় একসঙ্গে পড়ানো হয় না। যদি নতুন করে ইইই বিভাগ খুলতেই হয়, তাহলে এপিইই বিভাগকেই ইইই বিভাগে পরিবর্তন করার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তাঁরা।
বিভাগের শিক্ষার্থী আহসান ইমরানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ওমর ফারুক, মাসুমুল হাসান, খন্দকার এহমাদুর রহমান, আজাদুর রহমান প্রমুখ।
জানতে চাইলে প্রকৌশল অনুষদের ডিন ও ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবু বকর মো. ইসমাইল বলেন, যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে। দুটি বিষয়ই আলাদা। শিক্ষার্থীরা না বুঝেই নতুন বিভাগ খোলার বিরোধিতা করছেন। নতুন বিভাগ খুললে শিক্ষার্থীদের ক্ষতি নয়, বরং উপকার হবে বলে মনে করেন আবু বকর।