নতুন বিভাগ না খোলার দাবিতে গতকাল রোববারও বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগের শিক্ষার্থীরা।
বেলা ১১টার দিকে বিজ্ঞান ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পুনরায় মিছিল নিয়ে বিভাগের সামনে গিয়ে সমাবেশ করেন। শনিবারও বিক্ষোভ করেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ফলিত পদার্থবিজ্ঞান বিভাগকে যখন নাম পরিবর্তন করে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ করা হয়, তখন এর কোর্স কারিকুলাম পরিবর্তন করা হয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে যে কারিকুলাম পড়ানো হয়, তাঁদেরও সেই কারিকুলাম পড়ানো হয়। বর্তমানে তাঁদের সিলেবাসের মাত্র ১০ শতাংশ ফলিত পদার্থবিজ্ঞানের আর বাকি ৯০ শতাংশই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের। এমন অবস্থায় নতুন করে একই বিশ্ববিদ্যালয়ে ‘ইইই’ বিভাগ খোলা হলে তা হবে সাংঘর্ষিক। তাই তাঁদের দাবি, নতুন বিভাগ না খুলে এপিইই বিভাগকে ইইই বিভাগে রূপান্তর করা হোক।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে তাঁরা আজ সোমবারও সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন। এরপরও দাবি আদায় না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচিতে যাবেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় প্রকৌশল অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নামে আরও একটি আলাদা বিভাগ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।
এ বিষয়ে বিভাগীয় সভাপতি মামুনুর রশিদ তালুকদার কোনো কথা বলতে রাজি হননি। তবে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু বকর মো. ইসমাইল বলেন, ‘বিভাগের শিক্ষার্থীরা না বুঝেই নতুন বিভাগ খোলার বিরোধিতা করছে। শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে বিভাগকেই দায়িত্ব নিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, নতুন বিভাগ খোলার বিষয়ে অনুষদ থেকেই সিদ্ধান্ত হয়। পরে তা একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে আলোচনা করে অনুমোদন দেওয়া হয়। তাই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ ও অনুষদকেই দেখতে হবে।