নতুন বিহারে জেগেছে প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষত সারিয়ে আবার জেগে উঠছে রামুর বৌদ্ধ বিহারগুলো। ছবিটি নবনির্মিত বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্রের জুয়েল শীল
ক্ষত সারিয়ে আবার জেগে উঠছে রামুর বৌদ্ধ বিহারগুলো। ছবিটি নবনির্মিত বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্রের জুয়েল শীল

পাহাড়চূড়ায় ১০০ ফুটের সিংহ শয্যার সোনালি বুদ্ধমূর্তি। বিকেলের কোমল রোদ খেলা করছে শায়িত মূর্তির গায়ে। দ্যুতি ছড়ানো চোখে তাকিয়ে আছেন গৌতম বুদ্ধ। পাশে দৃষ্টিনন্দন তিনতলার নতুন বিহার। পেছনে সেমিনার কক্ষ ও আশ্রম। স্থাপত্যশৈলী আর আভিজাত্যে নজরকাড়া। যেন ধ্বংসস্তূপে জেগেছে নতুন প্রাণ।
রামুর উত্তর মিঠাছড়ির বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্র বিহার পুনর্নির্মাণের পর এমন সৌন্দর্য কাছে টানছে পর্যটকদের। ১৫ আগস্ট বিহারে গিয়ে দেখা যায় বৌদ্ধধর্মাবলম্বীদের পাশাপাশি পর্যটকেরাও ঘুরে দেখছেন বিহারটি।
শুধু এই বিহারটি নয়, শ্রীকূল গ্রামের লালচিং ও সাদাচিং, হাইটুপির বড় ক্যাং (রাখাইন বিহার), কেন্দ্রীয় সীমা বিহারসহ আরও সাতটি বিহারে এখন নবরূপ। গত বছরের ২৯ সেপ্টেম্বর বিহার ও বৌদ্ধপল্লিতে হামলার পর বিহারগুলো পুনর্নির্মাণ করা হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে। আগামী ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এসব বিহার উদ্বোধন করবেন।
বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্রের ভিক্ষু করুণাশ্রী মহাথের বলেন, ‘গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে চার শতাধিক লোক পাহাড়চূড়ায় স্থাপিত গৌতমবুদ্ধ মূর্তিটি ভেঙে ফেলার চেষ্টা করে। মূর্তির ভেতরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ফলে দুটি অংশে ফাটল ধরে এবং বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেনাবাহিনী এই মূর্তিটি সংস্কার করেছে। পাশাপাশি তিনতলা বিহারসহ নানা অবকাঠামো তৈরি করে দিয়েছে। এতে আমরা খুশি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।’
জানা যায়, গত বছরের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামু বৌদ্ধপল্লি পরিদর্শনে এসে বিধ্বস্ত বিহারগুলো পুনর্নির্মাণের জন্য প্রথমে ১২ কোটি টাকা বরাদ্দ দেন। পরে আরও আট কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), উপজেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রায় ৩০ লাখ টাকা খরচ করে তৈরি করে দিয়েছে ৬০টি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি।
সেনাবাহিনীর ১৭ ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) সূত্র জানায়, রামু ও উখিয়ায় ১৯টি বিহার ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে রামুর আটটি ও উখিয়ায় পাঁচটি পুনর্নির্মাণ করা হয়েছে। বাকিগুলো করা হয়েছে সংস্কার। পুনর্নির্মাণ ও সংস্কারকাজ শুরু হয় নভেম্বর মাসের শুরুতে।
১৭ ইসিবির অধিনায়ক লে. কর্নেল সিদ্দিক মো. জুলফিকার রহমান বলেন, সেনাবাহিনীর সদস্যরা কঠোর পরিশ্রম করে ইতিমধ্যে সব বিহারের নির্মাণকাজ শেষ করেছেন। আগামী ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামুতে এসে নতুন বৌদ্ধ বিহারগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রামু কেন্দ্রীয় সীমা বিহারে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনটি দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করছেন। ভবনের (বিহারের) সম্মুখভাগে লাগানো হয়েছে মিয়ানমারের রাজধানী ইয়াংগুন থেকে আনা সোনালি রঙের পাত। এই পাত বিহারের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। বিহারের খোলা মাঠটিও দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে। এখানে আগের (পুড়ে যাওয়া) বিহারটি ছিল শত বছরের পুরোনো। রামু কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া বলেন, ‘শেখ হাসিনার আন্তরিক ইচ্ছায় আমরা নতুন বিহার পেয়েছি। আগে রামুর ২৭টি শতবর্ষী বৌদ্ধবিহার দেখতে দেশি-বিদেশি পর্যটকেরা ছুটে আসতেন। বৌদ্ধপল্লিতে হামলার পর পর্যটকের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে গেছে। এখন ধ্বংসস্তূপের ওপর নতুন করে বিহারগুলো পুনর্নির্মাণ হওয়ায় রামু আগের সেই ঐতিহ্য ফিরে পাচ্ছে।’
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপ্রিয় মহাথের বলেন, সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় স্বল্প সময়ে ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহারগুলো পুনর্নির্মাণ করে দেওয়ায় বৌদ্ধ সম্প্রদায় সরকারের প্রতি কৃতজ্ঞ। উদ্বোধনের পরও বিহারগুলোর নিরাপত্তা জরুরি।