নতুন বেতন কাঠামোয় খুশি নন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা
মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া নতুন বেতন কাঠামো নিয়ে খুশি নন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এ জন্য পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকেরা।
তবে মন্ত্রিসভা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তাব পর্যালোচনার জন্য বেতন বৈষম্য নিরসন সম্পর্কিত মন্ত্রিসভা কমিটিকে দায়িত্ব দিয়েছে।
আজ সোমবার মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদন হয়েছে। এতে টাইমস্কেল, সিলেকশন গ্রেড ও উচ্চতর স্কেল বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া ২০টি গ্রেডের কথা বলা হলেও এর বাইরে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য আরও দুটি বিশেষ গ্রেড রাখা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মূল দাবি ছিল সিলেকশন গ্রেড বহাল ও ‘সুপারগ্রেড’ না রাখা। তাঁরা মনে করছেন, এর মাধ্যমে তাদের দাবি পূরণ হয়নি।
অবশ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। মন্ত্রিসভা শিক্ষকদের মর্যাদা ও দায়িত্ব সম্পর্কে সচেতন। এ জন্য শিক্ষকদের প্রস্তাব পর্যালোচনার জন্য বেতন বৈষম্য নিরসন সম্পর্কিত মন্ত্রিসভা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যমান সুযোগ-সুবিধা বহাল থাকবে। তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন না।
মন্ত্রিসভার সিদ্ধান্তের খবর গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়।
জানতে চাইলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সমিতি ফেডারেশনের সাধারণ এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, মন্ত্রিসভায় যেভাবে ‘সুপারগ্রেড’ সৃষ্টি করে বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে তাতে বৈষম্যের সুযোগ সৃষ্টি করা হয়েছে। শিক্ষকদের প্রত্যাশিত দাবি পূরণ হয়নি। এ জন্য কাল মঙ্গলবার সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পুর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি অব্যাহত থাকবে। এরপর বিস্তারিত তথ্য-উপাত্ত জেনে কর্মসূচি আরও কঠিন হবে নাকি শিথিল হবে তার ঘোষণা দেওয়া হবে। রাতে ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তি দিয়েও জানিয়েছে আগামীকাল কর্মবিরতি ও প্রতিবাদ মিছিল অব্যাহত থাকবে।