নতুন বেতন স্কেল চান বেসরকারি শিক্ষক-কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তিসহ ২১ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।
নগরের শাহ্ মখদুম কলেজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের কাছে জাতীয় বেতন কমিশন সম্প্রতি যে প্রতিবেদন দাখিল করেছে তাতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আয় সরকারি তহবিলে জমা করতে হবে—এই শর্তে প্রস্তাবিত বেতনকাঠামো কার্যকর করার ছয় মাস পর বেতন দেওয়ার সুপারিশ করা হয়েছে। কিন্তু এ প্রস্তাব বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কাছে অগ্রহণযোগ্য। যেদিন থেকে সরকারি শিক্ষক-কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাবেন, সেদিন থেকেই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের রাজশাহী শাখার যুগ্ম আহ্বায়ক রাজকুমার সরকার, আবদুর রাজ্জাক, আবদুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।