নতুন বেতন স্কেল বাস্তবায়নের দাবি কর্মচারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ করে জাতীয় বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে বক্তরা বলেন, সপ্তম জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের পর থেকে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দ্বিগুণ বেড়েছে। এতে পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সীমিত আয়ের কর্মচারীরা। তাই অবিলম্বে নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানানো হয়।
দাবি আদায়ে আগামী ১২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত গণসংযোগ ও ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে সংগঠনটি।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান। সংগঠনের কার্যকরী সভাপতি রশিদ উল্লাহ, মো. আবদুল কাদের, মহাসচিব লুৎফর রহমান, যুগ্ম মহাসচিব সেলিম মোল্লা ও রমিজ উদ্দিন মাঝি এ সময় উপস্থিত ছিলেন।