নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার দাবিতে সমাবেশ ও সংহতি জ্ঞাপন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের চট্টগ্রাম জেলা শাখা।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বেতন স্কেলের সুপারিশ অনুমোদনের সময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে সরকারি শিক্ষক-কর্মচারীদের মতোই বাড়িভাড়া, বার্ষিক প্রণোদনা, চিকিৎসা ও উৎসব ভাতা প্রদান করতে হবে। এসব দাবি মানা না হলে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা আন্দোলন গড়ে তুলবেন।
শিক্ষকনেতারা শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য নিরসনে জাতীয় শিক্ষা নীতি-২০১০ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষা খাতে প্রতিবছরই বাজেট বৃদ্ধি করছে। সেখানে বাংলাদেশে শিক্ষা খাতে ব্যয় কমিয়ে আনা হচ্ছে। এতে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দীন খানের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শিরিন আরা চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাকশিসের সাধারণ সম্পাদক ও ফ্রন্টের সমন্বয়ক অধ্যাপক আবু তাহের চৌধুরী প্রমুখ।