কুমিল্লা, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন স্থানে গতকাল সোমবার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে সরকারের কাছে দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: জেলার চান্দিনা, সদর দক্ষিণ, ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন স্থানে কর্মবিরতি ও মানববন্ধন হয়। জেলার চারটি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে এসব কর্মসূচি পালন করে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন হিসাবরক্ষক (পরিকল্পনা) মোদাচ্ছেরুল হক, এনফোর্স কো-অর্ডিনেটর জিয়াউল হক, লাইনম্যান আবদুর রহমান প্রমুখ।
কিশোরগঞ্জ: সকাল ১০টায় জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় বক্তৃতা করেন সমিতির জুনিয়র প্রকৌশলী মো. লুৎফর রহমান, টেকনিশিয়ান আবদুল মতিন ও বিলিং সহকারী নুসরাত জাহান। পরে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
মৌলভীবাজার: সকালে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতি শ্রমিক লীগ মানববন্ধনের আয়োজন করে। এতে সমিতির কার্যালয়ের কর্মচারী জামসেদ কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন হাসিবুল ইসলাম, আবদুস ছালাম, জয়নাল আবেদীন প্রমুখ। একই সময়ে শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।
জুড়ী (মৌলভীবাজার): বড়লেখা উপজেলা সদরের পাখিয়ালা এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে মানববন্ধন হয়। এ ছাড়া সমিতির শ্রমিক-কর্মচারীরা সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে হুমায়ূন কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন ইমরুল হক, রুবেল আহমদ, সাধারণ সম্পাদক নাসির শাহ প্রমুখ।
কমলগঞ্জ (মৌলভীবাজার): সকাল নয়টায় পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। পরে লাইনম্যান রায়হান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কনিষ্ঠ প্রকৌশলী হাবিবুর রহমান, বিলিং সহকারী রিংকু দেবী, লাইনম্যান ফজলুল হক, আরিফ হোসেন, আক্তারুজ্জামান, আজিজুল হক প্রমুখ।