নতুন বেতনকাঠামো শিগগিরই কার্যকর হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো শিগগিরই কার্যকর হবে। এই বেতনকাঠামো আগামী পাঁচ বছরের মধ্যে পরিবর্তন হবে না। চার থেকে পাঁচ বছর পরপর বেতনকাঠামো পুনর্বিন্যাস করা হলে বিষয়টির ধারাবাহিকতা থাকবে।
গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।
নতুন বেতনকাঠামো নিয়ে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের কোনোভাবে হয়তো মনে হয়েছে তাঁরা সচিবদের সমকক্ষ নন। তাঁরা বলেছেন, আমার সঙ্গে দেখা করবেন না। আমিও কোনো চেষ্টা করিনি। এরপর তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তবে সর্বশেষ কয়েকজন শিক্ষক আমার কাছে এসেছিলেন। আমি তাঁদের এ ব্যাপারে আশ্বস্ত করেছি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১টায় অর্থমন্ত্রী নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। কর্মিসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।