নতুন বোমাং রাজা কে এস প্রু চৌধুরী আর নেই
সদ্য অভিষিক্ত বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরী (কে এস প্রু) গতকাল বুধবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বহুমূত্র ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।কে এস প্রু চৌধুরী গত ২০ নভেম্বর রাজা হিসেবে অভিষিক্ত হন। বোমাং রাজপরিবারের ইতিহাসে তিনি সবচেয়ে স্বল্পতম সময়ের রাজা। প্রয়াত রাজার মরদেহ তাঁর নিজ বাসভবনে রাখা হয়েছে। রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য উচ প্রু চৌধুরী জানান, ২২ ফেব্রুয়ারি প্রয়াত রাজার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।কে এস প্রুর মৃত্যুর খবরে বোমাং রাজবাড়িতে শত শত মানুষ ভিড় জমায়। কে এস প্রু চৌধুরী ১৯৩৩ সালের ১৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। গত ৮ আগস্ট বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরীর মৃত্যুর পর তিনি ১৬তম রাজা হিসেবে প্রধানমন্ত্রীর স্বীকৃতি পান। রাজপদে অভিষিক্ত হওয়ার আগে তিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন।রাজা কে এস প্রু চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, সচিব নববিক্রম কিশোর ত্রিপুরাসহ বিভিন্ন সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন।