নতুন বৌদ্ধবিহারে পর্যটকদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর মিঠাছড়ির পাহাড়ের দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়। পাহাড়চূড়ায় সিংহশয্যায় আধশোয়া হয়ে আছেন গৌতম বুদ্ধ। সোনালি রঙের এ মূর্তি চোখে পড়ে অনেক দূর থেকে। শুধু বুদ্ধের সিংহশয্যাই নয়, সীমাবিহার, লালচিং, সাদাচিং—সবই এখন দৃষ্টিনন্দন। দূর-দূরান্তের মানুষ আসছে এসব দেখতে। পর্যটকদের নতুন আকর্ষণ হয়ে উঠেছে রামুর ধ্বংসস্তূপে তৈরি করা নতুন বৌদ্ধবিহারগুলো। ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর নতুন বিহারে দেশি-বিদেশি পর্যটকের আগমন উল্লেখযোগ্য হারে বাড়ছে। গতকাল শনিবার সকালে রামু উত্তর মিঠাছড়ির পাহাড়চূড়ায় স্থাপিত ১০০ ফুট লম্বা সিংহশয্যা বুদ্ধমূর্তি পরিদর্শন করে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম দেখা গেছে। রামু কেন্দ্রীয় সীমাবিহার, শ্রীকুলের লালচিং, সাদাচিং ও রাখাইন বৌদ্ধবিহারেরও একই অবস্থা।
গতকাল রাখাইনবিহারে দেখা হয় জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনের কক্সবাজার-প্রধান মেলেসিউ মামু ও কর্মকর্তা মো. বায়েজিতের সঙ্গে। এর আগে তাঁরা পাহাড়চূড়ার বুদ্ধমূর্তি ঘুরে এসেছেন। মেলেসিউ মামু বলেন, সরকার দ্রুত সময়ে পুড়ে যাওয়া বিহারগুলো আকর্ষণীয়ভাবে নির্মাণ করে দেওয়ায় বৌদ্ধসম্প্রদায়ের মানুষ খুশি। নতুন বিহারগুলো রামুর চেহারা পাল্টে দিয়েছে। পর্যটকেরা এসব দেখে মুগ্ধ।
রামু কেন্দ্রীয় সীমাবিহারে দেখা গেল, জাপান থেকে আসা ৪৫ জনের একটি দল। এর আগে চট্টগ্রামের একটি বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী রামু ভ্রমণ করছে। চট্টগ্রাম থেকে ভ্রমণে আসা ব্যবসায়ী ছিদ্দিকুর রহমান বলেন, ‘পাহাড়চূড়ার ১০০ ফুট লম্বা বুদ্ধমূর্তি দেখে মনে হলো থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর ঘুরছি। কক্সবাজারের সমুদ্রসৈকত ভ্রমণের পাশাপাশি লোকজন রামুর বৌদ্ধপল্লি দেখতে ছুটে আসছে।’ ১০০ ফুট সিংহশয্যার বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্র বৌদ্ধবিহারের ভিক্ষু করুণাশ্রী মহাথের বলেন, এশিয়ার বৃহৎ এই বুদ্ধমূর্তি দেখতে প্রতিদিন কয়েক শ দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটছে।
গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে ফেসবুকে পবিত্র কোরআন শরিফ অবমাননার ছবিকে কেন্দ্র করে উগ্র ধর্মান্ধগোষ্ঠী রামুর ১২টি এবং পরদিন উখিয়া ও টেকনাফে আরও সাতটি বৌদ্ধবিহারে হামলা ও অগ্নিসংযোগ করে। এরপর সেনাবাহিনী প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত ১৯টি বৌদ্ধবিহার ও বসতি পুনর্নির্মাণ করে দেয়। ৩ সেপ্টেম্বর শেখ হাসিনা রামু ও উখিয়ায় গিয়ে নতুন বিহারের উদ্বোধন করেন।