বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন ব্যাংক অনুমোদনের বিষয়ে গতকাল কোনো সিদ্ধান্ত দেয়নি; বরং পর্ষদ মনে করে, হঠাত্ করে এমন কিছু করা ঠিক হবে না, যা দেশের অর্থনীতির জন্য খারাপ কিছু বয়ে আনতে পারে।গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বেসরকারি খাতে নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এমন মত প্রকাশ করা হয় বলে উচ্চপর্যায়ের সূত্র নিশ্চিত করেছে।সূত্র বলছে, গতকালের বৈঠকে প্রবাসে বসবাসকারীদের তিনটি এনআরবি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পর্ষদের কাছে হাজির করে। তবে দেশের বেসরকারি খাতে ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবগুলো গতকাল পর্ষদে উপস্থাপন করা হয়নি। কারণ, নির্বাহীদের দুটি কমিটি এখনো এগুলোর কারিগরি বিশ্লেষণ শেষ করতে পারেনি। উল্লেখ্য, তিনটি এনআরবি ব্যাংকের চূড়ান্ত প্রস্তাব ছাড়াও ৩৭টি নতুন ব্যাংক প্রতিষ্ঠার আবেদন বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রয়েছে। এই ৩৭ ব্যাংকের আবেদনের মধ্য থেকে প্রাথমিক বাছাই করে ১৬টি ব্যাংকের আবেদন বিধিসম্মত হয়েছে বলে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দপ্তরে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।জানা যায়, পর্ষদ সভায় গতকাল বলা হয়েছে, কেবল এনআরবির তিনটি ব্যাংকের বিষয়ে পর্ষদ কোনো সিদ্ধান্ত নেবে না। সব প্রস্তাব একবারে পর্ষদের কাছে আসার পর তবে বিচার-বিশ্লেষণ করে দেখা হবে গুণগতভাবে কয়টি গ্রহণযোগ্য। আর দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতির সঙ্গে সুষ্ঠু সমন্বয় করে নতুন ব্যাংক অনুমোদন করা হবে। সূত্র বলছে, পর্ষদ একই সঙ্গে মনে করে, খুবই সীমিতসংখ্যক ব্যাংক অনুমোদন করা যায়।পর্ষদ একই সঙ্গে এনআরবি ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকায় নির্ধারণ এবং তা বৈদেশিক মুদ্রায় আনার শর্তও আরোপ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহীদের। এর আগে এনআরবি ব্যাংকের পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা নির্ধারিত ছিল।এদিকে, গতকাল বেলা ১১টায় অর্থমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দুই মাসের মধ্যে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া হতে পারে। লাইসেন্স পাওয়ার ছয় মাসের মধ্যে ব্যাংকগুলোকে কার্যক্রম শুরু করতে হবে বলে জানান তিনি। সচিবালয়ে গতকাল ঢাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রধান জিয়াও ঝুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা জানান। মোট কয়টি ব্যাংক লাইসেন্স পাচ্ছে—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। এ বিষয়ে সিদ্ধান্ত হবে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায়। তিনটি এনআরবি ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিষয়ে কোনো রাজনৈতিক চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘হ্যাঁ, চাপ থাকতেই পারে।’তবে দুই মাসের মধ্যে ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে গতকাল দুপুরে ব্যাংক এশিয়া আয়োজিত এক অনুষ্ঠান শেষে গভর্নর আতিউর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘কেন বলেছেন, সেটি অর্থমন্ত্রী ভালো বলতে পারবেন।’বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভা শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, বেসরকারি খাতে নতুন ব্যাংকের আবেদনের কারিগরি মূল্যায়নের কাজ চলছে। এটি শেষ হলে তা পর্ষদের সভায় উঠবে। তবে কবে নাগাদ বাছাই কাজ শেষ হবে, দিন-তারিখ ঠিক করে সেটি বলা সম্ভব নয় বলে জানান ডেপুটি গভর্নর।